চাঁদপুরে নির্বাচনী গণসংযোগে প্রার্থীদের প্রচারণা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ২৩ জানুয়ারী, ২০২৬, ০৪:০০ পিএম | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৬, ০৪:০০ পিএম
চাঁদপুরে নির্বাচনী গণসংযোগে প্রার্থীদের প্রচারণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরুর প্রথম দিন থেকে  চাঁদপুরের ৫টি আসনে প্রচার প্রচারণায় নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। জমজমাট প্রচারণায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ দলীয় নেতা কর্মী ও সমর্থকদের ব্যস্ততা বেড়ে গেছে। সড়কের বিভিন্ন পয়েন্টে পাড়া মহল্লা গ্রামেগঞ্জে এখন শোভা পাচ্ছে বিএনপির সহ বিভিন্ন প্রার্থীর ব্যানার পোস্টার।দলে দলে নেতাকর্মীরা এলাকাভিত্তিক গণসংযোগ করে ব্যবসা প্রতিষ্ঠান,পথচারি এবং পাড়া মহল্লা গ্রামেগঞ্জে ভোটারদের মাঝে নির্বাচনী প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ করছেন। প্রার্থীরা  সভা-সমাবেশ কিংবা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরছেন। শুক্রবার সকাল থেকেই চাঁদপুর -৩ সদর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক মেঘনা নদী পাড়ি দিয়ে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়ন থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেন। নেতাকর্মীরা অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ছবি পোস্ট দিয়ে লিখেন আলহামদুলিল্লাহ, বিজয় নিয়ে ঘরে ফিরবো। একই দিন রাজরাজেস্বর ইউনিয়নে ধানের শীষের ভোট চেয়ে নির্বাচনী গণ সংযোগ করেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান শাহিন।  অপর দিকে, জেলা বিএনপির সহ সভাপতি জসিমউদদীন খান বাবুল হাইমচর থানাধীন ২নং আলগী উত্তর ইউনিয়ন ২ নং ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের   সমন্বয়, মতবিনিময় সভা ও ধানের শীষের প্রচারনা করেন। এদিকে, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া এদিন সকাল ৭টা থেকে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে  দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়।  এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মো. জয়নাল আবেদীন  চাঁদপুরের শীর্ষ ওলামায়ে কেরামদের সাথে সাক্ষাৎ ও দোয়া নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। ফেসবুক পেজে তারা লিখেন আলহামদুলিল্লাহ,ওলামায়ে কেরামদের আন্তরিকতা উচ্ছাস উদ্দীপনা দেখে মনোবল ফিরে পেলাম। আল্লাহ এই জমিনকে দ্বীনের জন্য কবুল করেন, ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। ইসলামী ফ্রন্ট-মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী এএইচএম আহসান উল্লাহ এদিন ইসলামপুর গাছতলা দরবার শরীফে মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, মিলাদ কিয়াম ও মুনাজাতের মধ্য দিয়ে গণসংযোগ শুরু করেন। গাছতলা দরবার শরীফের বর্তমান গদ্দীনশীন পীর সাহেব আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী হুজুর দোয়া ও মুনাজাত করেন। গণফোরাম-মনোনীত প্রার্থী (উদয়মান সূর্য) অ্যাড. সেলিম আকবর শহরের চেয়ারম্যানঘাট এলাকায় গণসংযোগ করেন।  গণ অধিকার পরিষদ-মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী সাংবাদিক জাকির হোসেন প্রচারণার প্রথম দিন দলীয় কার্যালয়ে নির্বাচনীয় বিভিন্ন বিষয় নিয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন।  কমিউনিস্ট পার্টি- মনোনীত কাস্তে প্রতীকের প্রার্থী কমরেড জাহাঙ্গীর হোসেন-এর সমর্থনে শহরে নির্বাচনী প্রচারণা শুরু করা হয়। দুনিয়ার মজদুর এক হও।কমরেড জাহাঙ্গীর ভাইয়ের সালাম নিন,কাস্তে মার্কায় ভাই চাই মাইকিং এবং বিভিন্ন এলাকায় থেকে গণ সংযোগ করতে দেখা যায়। প্রচারণার দ্বিতীয় দিন শুক্রবার হওয়া প্রতিটি জুমা মসজিদে প্রার্থীরা দোয়া চেয়েছেন এবং নামাজ শেষে মুসল্লিদের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। একইদিন অনুষ্ঠিত হবে গণভোটও। এরই প্রেক্ষিতে বুধবার (২১ জানুয়ারি) দিনব্যাপী সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়। এর ফলে প্রার্থীরা এগিয়ে যায় নির্বাচনের আরও এক ধাপ সামনে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হয় নির্বাচনি প্রচারণা। আসন্ন নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি আসনে বৈধ প্রার্থী হিসেবে ৩৫ জন প্রার্থী  প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামছেন। প্রচারণার সময়সীমা ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়ছে তৎপরতা।