নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মার্কেটের একটি জুয়েলারি দোকান, কম্পিউটারের দোকান, মোবাইল এক্সেসোরিসের দোকানসহ পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জে সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর আজিবপুর রেললাইন সংলগ্ন তিন রাস্তার মোড়ে অবস্থিত একটি টিনশেড মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক পৌনে ২টার দিকে টিন সেড মার্কেট টিতে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। আতঙ্কে বাড়ি ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, আগুনের খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে মার্কেটের পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে সব মালামাল নষ্ট হয়। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা।