ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের সাইপাড়া এলাকায় তিনি ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। গণসংযোগকালে ব্যারিস্টার পুতুল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের খোঁজখবর নেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা হবে। ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে মানসম্মত উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে টেকসই অবকাঠামো গড়ে তোলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিত হলে লালপুর ও বাগাতিপাড়া অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়ন এবং কৃষকদের জন্য সহায়তা কার্যক্রম জোরদার করার প্রতিশ্রুতিও দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু প্রমূখ। এছাড়াও গণসংযোগে বিএনপি, যুবদল ছাত্রদল সহ এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।স্থানীয় বিএনপি নেতারা জানান, নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও সাড়াও তত বাড়ছে। গণসংযোগে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তারা ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন।