বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন আবুল কালাম

এফএনএস (বাগমারা, রাজশাহী)
| আপডেট: ২৩ জানুয়ারী, ২০২৬, ১০:৪০ পিএম | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৬, ১০:৪০ পিএম
বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন আবুল কালাম
রাজশাহীর বাগমারায় নিজের মুদিদোকানে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করা সেই ব্যবসায়ী আবুল কালাম (৫৩) দুইদিন পর মারা গেলেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার দুপুরে তিনি মারা যান। লাশ গ্রহণের জন্য স্বজনেরা হাসপাতালের মর্গে অপেক্ষা করছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার আউচপাড়া ইউনিয়নের মুগাইপাড়া বাজারে এ ঘটনা ঘটে। আবুল কালাম (৫৩) মুগাইপাড়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর নিজ দোকানে যান আবুল কালাম। এর কিছুক্ষণ পর দোকান থেকে বের হয়ে চারপাশে পেট্রল ঢালেন। এরপর দোকানে আগুন ধরিয়ে ভেতরে ঢুকে পড়েন। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। তিনি দোকান থেকে বের হওয়ার চেষ্টা করলে শরীরে আগুন ধরে যায় এবং দগ্ধ হন। পরে আশপাশের লোকজন আবুল কালামকে উদ্ধার করার পাশাপাশি আগুন নেভানোর চেষ্টা করেন। স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে বাগমারা ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকান ও ভেতরে থাকা মালামাল পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, এতে প্রায় ছয় থেকে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। বাগমারা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেছিলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দগ্ধ ব্যবসায়ীকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী এক তরুণ বলেন, ‘আগুন ধরিয়ে দেওয়ার আগে কামাল দোকানের চারদিকে পেট্রল ছিটিয়ে দেন। পরে আগুন দিয়েই ভেতর ঢুকে পড়েন। একপর্যায়ে শরীরে আগুন নিয়ে দোকান থেকে বের হন।’ ফিরোজ আহমেদ নামের আরেক প্রত্যক্ষদর্শী বলেন, চোখের সামনে আবুল কালাম নিজেই দোকানে আগুন দিয়েছেন।
আপনার জেলার সংবাদ পড়তে