প্রায় সাড়ে তিন দশকের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ১৯৮৯ সালে নির্মিত হলেও এতদিন মুক্তি না পাওয়া বলিউড ছবি ‘হম মেঁ শাহেনশাহ কৌন’ অবশেষে দর্শকের সামনে আসতে চলেছে। রজনীকান্ত, শত্রুঘ্ন সিনহা ও হেমা মালিনীর মতো তারকাদের নিয়ে তৈরি ছবিটি আধুনিক প্রযুক্তিতে পুনরুদ্ধার করে নতুনভাবে মুক্তির প্রস্তুতি নেওয়া হয়েছে।
ছবিটির শুটিং হয়েছিল ১৯৮৯ সালে। সে সময় নানা জটিলতা ও অপ্রত্যাশিত কারণে মুক্তি আটকে যায়। পরিচালনার দায়িত্বে ছিলেন প্রয়াত হারমেশ মলহোত্রা। দীর্ঘদিন পর ছবিটির নেগেটিভ ও অডিও উপাদান পুনরায় সংগ্রহ করে আধুনিক দর্শকদের উপযোগী করে তোলার উদ্যোগ নেন প্রযোজকরা।
‘হম মেঁ শাহেনশাহ কৌন’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনিতা রাজ, প্রেম চোপড়া, শারাদ সাক্সেনা, প্রয়াত অমরিশ পুরী ও জগদীপ। ছবির সংলাপ লিখেছিলেন সেলিম-ফয়েজ জুটি। সংগীতে ছিলেন লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল, আর নৃত্য পরিচালনায় ছিলেন কিংবদন্তি সরোজ খান। সেই সময়ের জনপ্রিয় শিল্পীদের সমন্বয়ে ছবিটি ছিল বড় বাজেটের একটি প্রকল্প।
প্রযোজকের ভাষ্য অনুযায়ী, “এই ছবির জন্য আমাদের আশা কখনোই শেষ হয়নি।” তাঁর মতে, বহু বাধা ও দীর্ঘ অপেক্ষা পেরিয়ে অবশেষে ছবিটি দর্শকের কাছে পৌঁছাতে চলেছে, যা তাঁদের জন্য আবেগেরও একটি মুহূর্ত।
সাম্প্রতিক সময়ে ছবিটি এআই-সহায়ক প্রযুক্তির মাধ্যমে পুনরুদ্ধার করা হয়েছে। ফোর কে রিমাস্টারিং ও ৫.১ সারাউন্ড সাউন্ড মাস্টারিংয়ের সাহায্যে ভিজ্যুয়াল ও অডিও মান উল্লেখযোগ্যভাবে উন্নত করা হয়েছে। তবে নির্মাতারা নিশ্চিত করেছেন, প্রযুক্তিগত উন্নয়ন হলেও মূল গল্প, ভাবনা ও অভিনয়ের আবহ একেবারেই অপরিবর্তিত রাখা হয়েছে।
দীর্ঘ সময় পর এমন একটি অসমাপ্ত অধ্যায় নতুন রূপে ফিরে আসায় বলিউডে বাড়ছে কৌতূহল। রজনীকান্ত ও শত্রুঘ্ন সিনহার মতো তারকাদের পুরোনো কাজ নতুন প্রজন্ম কীভাবে গ্রহণ করে, সেটিই এখন দেখার বিষয়।