বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডকে হারিয়ে টানা চার জয়ে সুপার সিক্সে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৬, ০৫:৪১ পিএম
বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডকে হারিয়ে টানা চার জয়ে সুপার সিক্সে বাংলাদেশ

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দাপুটে পারফরম্যান্স অব্যাহত রেখেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৯ রানে হারিয়ে টানা চার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এই জয়ে আগেই নিশ্চিত হয় বাংলাদেশের সুপার সিক্স পর্বে জায়গা।

নেপালের কাঠমান্ডুতে আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নিগার সুলতানা। তবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৩ রানে ১১ রান করে ফেরেন ওপেনার জুয়ারিয়া ফেরদৌস। এরপর দিলারা আক্তার ও শারমিন আক্তার সামাল দেন ইনিংস। দ্বিতীয় উইকেটে তাদের ৭০ রানের জুটি বাংলাদেশকে চাপে পড়তে দেয়নি।

দিলারা আক্তার ২৭ বলে ৩৫ রান করে আউট হলেও একপ্রান্ত আগলে রাখেন শারমিন। ৫টি চার ও ১টি ছক্কায় ৪৫ বলে ৫২ রান করেন তিনি। বিশ্বকাপ বাছাইয়ে এটি ছিল শারমিনের দ্বিতীয় ফিফটি। অধিনায়ক নিগার সুলতানা করেন ১৩ বলে ১৩ রান। শেষ দিকে সোবহানা মোস্তারির ১৬ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ডের শুরু ছিল বেশ আশাব্যঞ্জক। ওপেনার অ্যামি হান্টার ও অধিনায়ক গ্যাবি লুইস গড়ে তোলেন শক্ত ভিত। ১০.৪ ওভারে দলীয় ৭১ রানে প্রথম উইকেট হারায় আইরিশরা। এর আগেই শারীরিক সমস্যার কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন হান্টার, তখন তার দলের সংগ্রহ ছিল ৭.৩ ওভারে ৫৩ রান।

পরে হান্টারের বদলে নামা অরলা প্রেন্ডারগাস্ট ১২ রান করে আউট হন। একপ্রান্তে লড়াই চালিয়ে যান গ্যাবি লুইস। তিনি ৫৮ বলে ৭৩ রানের ইনিংস খেলেন। তবে শেষ দিকে প্রয়োজনীয় রান তুলতে ব্যর্থ হয় আয়ারল্যান্ড। শেষ চার ওভারে ৮ উইকেট হাতে রেখেও প্রয়োজনীয় ৪৩ রানের সমীকরণ মেলাতে পারেনি তারা।

বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। স্বর্ণা আক্তার ২ উইকেট নেন, রাবেয়া খান নেন ১ উইকেট। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ থামে ১৪৪ রানে।

এই জয়ে ‘এ’ গ্রুপে ৪ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ। আয়ারল্যান্ড ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। গ্রুপের শীর্ষ দল হিসেবে সুপার সিক্সে আত্মবিশ্বাসী বাংলাদেশ এখন পরের চ্যালেঞ্জের অপেক্ষায়।