বিসিবির অর্থ কমিটির পদ ফিরে পেলেন নাজমুল

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৬, ১২:২৯ পিএম
বিসিবির অর্থ কমিটির পদ ফিরে পেলেন নাজমুল
ছবি, সংগৃহিত

বাংলাদের ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের এক বক্তব্য ঘিরে সপ্তাহ খানেক আগে ক্রিকেটাঙ্গনে ছিল আলোচনা-সমালোচনার ঝড়। পরে বিসিবি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়, এরপরও নাজমুলের কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এরই মধ্যে ফাইন্যান্স কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে।

নিয়ম অনুযায়ী, ৪৮ ঘণ্টার মধ্যে শোকজের জবাব দিতে হয়। নির্ধারিত সময়ের পরে জবাব দিয়েছিলেন নাজমুল। ডিসিপ্লিনি কমিটির কাছে নিজের অবস্থান জানান নাজমুল, যা সন্তুষ্ট মনে হয়েছে বিসিবির। যে কারণে বিসিবির হারানো পদ এবার ফিরে পেলেন নাজমুল।

গতকাল বোর্ড সভার সিদ্ধান্তে নিজের পদ ফিরে পেলেন নাজমুল। তিনি জানান বিসিবিকে দেওয়া জবাবে সন্তুষ্ট যে কারণে পদ ফিরে পেয়েছেন। এখন থেকে নিজের অর্থ কমিটির সব কাজ চালিয়ে যেতে পারবেন।

গতকাল (শনিবার) লম্বা সভা করেছে বিসিবি। যেখানে বিপিএল, বিশ্বকাপ, ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। ওই সভাতেই আনুষ্ঠানিকভাবে পদ ফিরে পেয়েছেন বলে নিশ্চিত করেন নাজমুল। তিনি বলেন, ‘কয়েকদিন ধরে আলাপ চলছিল। এরপর গতকাল ফরম্যালি আমাকে আমার পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।’