নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন। শনিবার রাতে চৌমুহনী নির্বাচন অফিসে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বোরহান উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী সবসময় একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য। জাতীয় সংসদ নির্বাচন যেন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়, সে জন্য আমরা আন্তরিকভাবে কাজ করছি। একটি সুস্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি এসময় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে-এমন সহিংস ও আক্রমণাত্মক রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু জায়েদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুফতি সালাউদ্দিন, জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর মাওলানা আলাউদ্দিন, খেলাফত মজলিস নোয়াখালী জেলা সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুস শহীদ, এলডিপির বেগমগঞ্জ আহ্বায়ক বদিউল আলম মোল্লা এবং এনসিপির উপজেলা আহ্বায়ক নুর আলম মুন্নাসহ জোটের বিভিন্ন নেতৃবৃন্দ। জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।