আশাশুনি উপজেলার বড়দলে পয়ঃ নিস্কাশন ব্যবস্থার অভাব ও জলাবদ্ধতায় নাকানি চুপানি খাওয়া মানুষের ভাগ্যে সুখ ও শান্তির হাতছানি উঁকি দিতে শুরু করেছে। এলাকার বাসিন্দারা বৃষ্টি মৌসুমে দুর্বিসহ যন্ত্রণা, ঘরবাড়ি দুরাবস্থা ও মাঠের ফসল নষ্টের কারনে প্রতি বছর সীমাহীন দুর্ভোগের শিকার হয়ে থাকে। দীর্ঘদিনের দুরাবস্থা দূর করতে খাল খননের জন্য কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বিএডিসি ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় উপজেলার বড়দল ইউনিয়নে খাল খননের জন্য সার্ভের কাজ সম্পন্ন করেছে। প্রকল্প পরিচালক এক্সিকিটিভ ইঞ্জিনিয়ার জামাল ফারুকের নোতৃত্বে সার্ভের কাজে সার্বিক ব্যবস্থাপনায় আছেন, বিএডিসির সার্ভেয়ার সাকিবুর রহমান, স্থানীয় ইউপি সদস্য প্রসেনজিৎ কুমার সরকার ও সাবেক মেম্বার দিলিপ কুমার সানা। কাজ পরিচালনা করছেন, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল ওহাব মোল্যা। প্রকল্পের আওতায় ইউনিয়নের চান্দী বামনডাঙ্গা মৌজায় তিতুখালী খাল (দৈর্ঘ্য ৪কিঃমিঃ), বামনডাঙ্গা গেট সংলগ্ন খাল (৩ কিঃমিঃ), লেবু খালী খাল (২ কিঃমিঃ), অভিলাষের ভিটার পার্শ্ববর্তী (১ কিঃমিঃ), কুলতলার খাল (১ কিঃমিঃ), বড়দল ও চক বুড়িয়া মৌজার চেউটিয়া খাল (৪ কিঃমিঃ) সহ আরও কিছু ছোট ছোট খাল খনন করা হবে। কাজ পরিচালনার দায়িত্বে থাকা বীর মুক্তিযোদ্ধা মাস্টার আঃ ওহাব মোল্যা জানান, খালগুলো খনন করার লক্ষ্যে ইতিমধ্যে সার্ভের কাজ শেষ হয়েছে। দ্রুতই খনন কাজ শুরু করা হবে। খনন কাজ সম্পন্ন হলে বড়দল ইউনিয়নের ১০/১২ হাজার বিঘা সম্পত্তির জলাবদ্ধতা দূর হবে। এলাকার হাজার হাজার চাষী নির্বিঘ্নে তাদের সম্পত্তিতে উচ্চ ফলনশীল ধান, তরমুজ, সরিষা ও শাকসব্জী চাষ করে জীবন মানের উন্নয়নে নতুন করে কাজ করতে সক্ষম হবে।