চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর আটটি দল চূড়ান্ত। শীর্ষ আটটি দল চলে গেছে পরের ধাপে, সেখানে যুক্ত হবে আরও আট দল- যে লড়াইয়ে মুখোমুখি হচ্ছে টেবিলের ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলো। যেখানে রয়েছে চমক। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমক দেখায় বেনফিকা। ৪-২ গোলে জয়ের ম্যাচে আলোচনায় ছিল গোলকিপারের লক্ষ্যভেদী হেড। ওই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তিনে থাকা রিয়াল নেমে যায় প্লে-অফে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত ড্র আবারো দুই দলকে মুখোমুখি করল। নকআউট প্লে-অফ রাউন্ডে আবার একে অন্যের সঙ্গে খেলবে রিয়াল ও বেনফিকা। বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই খেলবে স্বদেশী ক্লাব এএস মোনাকোর বিপক্ষে। মাদ্রিদ ও বেনফিকার প্লে-অফ ভাগ্য নির্ধারণ হয় লিগ পর্বে। গোলকিপার আনাতোলি ত্রুবিনের হেডে বেনফিকার শেষ ষোলোর প্লে-অফ নিশ্চিত হয়। আর রিয়াল ছিটকে যায় সরাসরি শেষ ষোলোতে জায়গা পাওয়া আট দলের অবস্থান থেকে। রিয়াল আবারো সাবেক কোচ হোসে মরিনহোর দলের মুখোমুখি হচ্ছে। দুই লেগের ম্যাচগুলো হবে ১৭-১৮ ফেব্রুয়ারি ও ২৪-২৫ ফেব্রুয়ারি।