ছিনতাইয়ের মামলা ভিন্নখাতে নিতে পাল্টা ধর্ষণ চেষ্টার মামলা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ১২:১৭ পিএম
ছিনতাইয়ের মামলা ভিন্নখাতে নিতে পাল্টা ধর্ষণ চেষ্টার মামলা

বরিশালের বানারীপাড়া উপজেলায় হত্যা প্রচেষ্টা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলা ভিন্নখাতে প্রভাবিত করতে পাল্টা নারী নির্যাতন মামলা দিয়ে হয়রাণির অভিযোগ পাওয়া গেছে।  শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের পশ্চিম চাখার গ্রামের ৭০ বছরের বৃদ্ধ সিদ্দিকুর রহমান সরদার অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরধরে গত ২৫ জানুয়ারি বিকেলে প্রতিপক্ষের লোকজনে তাকেসহ তার দুই ছেলে ইউনুস সরদার, ইউসুফ সরদার, স্ত্রী নুরজাহান বেগম ও মেয়ে ফেরদৌসী বেগমকে পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর জখম করে। এসময় হামলাকারীরা তার (সিদ্দিকুর রহমান) সাথে থাকা গরু বিক্রির ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা তাদের (আহত) উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহত ইউসুফ সরদার বাদি হয়ে গত ২৭ জানুয়ারি বানারীপাড়া থানায় চারজনের নামোল্লেখ করে আরো ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন-একই এলাকার লিমন সরদার, সজল সরদার, লিজা বেগম ও জয়নব বেগম।  সূত্রমতে, হামলা ও টাকা লুটের মামলাটি ভিন্নখাতে নেয়ার জন্য প্রতিপক্ষ সোহেল সরদারের স্ত্রী আসামি লিজা বেগম বাদি হয়ে ২৮ জানুয়ারি শেবাচিম হাসপাতালে ভর্তি থাকা আহত ইউনুস সরদারের বিরুদ্ধে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন।  হত্যা প্রচেষ্টা ও টাকা ছিনতাই মামলার বাদি ইউসুফ সরদার অভিযোগ করে বলেন, আমাদের মামলা ভিন্নখাতে প্রভাবিত করতে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি থাকা আমার ভাই গুরুত্বর আহত ইউনুস সরদারের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করা হয়েছে।  তিনি (ইউসুফ) প্রতিপক্ষের দায়ের করা  মিথ্যে মামলার সঠিক তদন্ত ও হামলাকারীদের বিচার দাবি করেন।  এ ব্যাপারে ধর্ষণ চেষ্টা মামলার বাদি লিজা বেগমের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে