শেরপুরে জামায়াত নেতা নিহতের প্রতিবাদে বিক্ষোভ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ৩১ জানুয়ারী, ২০২৬, ১২:২৩ পিএম | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ১২:২৩ পিএম
শেরপুরে জামায়াত নেতা নিহতের প্রতিবাদে বিক্ষোভ

শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপির সঙ্গে সংঘর্ষে নিহত মাওলানা রেজাউল করিমের নিহতের প্রতিবাদে শেরপুর জেলা জামায়াতের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারী) বিকেলে জেলা শহরের মাইসাহেবা জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে  সমাবেশে বক্তব্য রাখেন ১০ দলীয় জোটের খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, এনসিপির জেলা সমন্বয়কারী মো. লিখন মিয়া, বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও শেরপুর-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মু. নুরুজ্জামান বাদল প্রমুখ। প্রতিবাদ সমাবেশে খেলাফত মজলিস শেরপুর জেলা সভাপতি মাওলানা শফিকুল ইসলাম ২৪ ঘন্টার মধ্যে রেজাউল করিমের হত্যাকারীদের গ্রেফতার দাবি করেন। বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও শেরপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম বলেন, শহিদ রেজাউল হত্যাকাণ্ডের ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও সন্ত্রাসীদের এখনও গ্রেফতার না করে প্রশাসন যে দূর্বল ভূমিকা রাখছে, তার জবাব প্রশাসনকেই দিতে হবে। এনসিপির শেরপুর জেলা সমন্বয়কারী মো. লিখন মিয়া বলেন, শেরপুর দিন দিন অরক্ষিত হয়ে যাচ্ছে সন্ত্রাসীদের দ্বারা। প্রকাশ্য দিবালোকে আমাদের ভাইকে হত্যা করা হলেও দোষীদের গ্রেপ্তারের তৎপরতা লক্ষ্য করতে পারছিনা। শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মু. নুরুজ্জামান বাদল বলেন, এই নির্বাচনকে আমরা নিরপেক্ষ নির্বাচন ভেবে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু দুঃখজনক ও লজ্জাজনকভাবে ঝিনাইগাতীতে প্রশাসনের যে আচরণ লক্ষ্য করেছি তা আমাদেরকে আশাহত করেছে। শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান বলেন, অতিসত্বর রেজাউল করিমের হত্যাকারীদের গ্রেফতার না করা হলে ডিসি অফিস ঘেরাও করা হবে। সেই সাথে নিহত রেজাউল করিমের রুহের মাগফিরাত কামনায় আগামীকাল শনিবার দোয়া দিবস ঘোষণা করছি এবং বিকাল ৩টায় ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে