ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৭৭ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের পাঁচটি স্বর্ণের বারসহ ফয়সাল হাসান (২৬) নামে একজনকে আটক করেছে বিজিবি।মহেশপুর উপজেলার খোসালপুর বাজার থেকে ওই যুবককে আটক করা হয়। এসব স্বর্ণ ভারতে পাচারের চেষ্টা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি। শুক্রবার বিকালে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।আটককৃত ফয়সাল হাসান মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোশালপুর গ্রামের মুনজিল তরফদারের ছেলে।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে খোসালপুর ব্রিজের ওপরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় বিজিবি। এসময় সন্দেহভাজন হিসেবে ফয়সাল হাসানের শরীর তল্লাশি করে কোমর থেকে চার পিস স্বর্ণের বার এবং সঙ্গে ছোট একটি স্বর্ণের টুকরা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক যুবক ও তার ব্যবহৃত মোবাইল ফোন এবং বাইসাইকেল মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, আটক যুবককে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। জব্দকৃত স্বর্ণের বার সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।