সুশাসনের জন্য নাগরিক (সুজন) পিরোজপুর জেলা কমিটি আয়োজিত ‘জনগণের মুখোমুখী’ অনুষ্ঠানে দাঁড়িয়ে পিরোজপুর-১ আসনের দু’প্রার্থী বিএনপির আলমগীর হোসেন ও জামায়াতের মাসুদ সাঈদী অভিন্ন অঙ্গীকার করেছেন। এঁরা দু’জনেই পিছিয়ে পড়া অনুন্নত দক্ষিণের জেলা পিরোজপুরে শিল্পাঞ্চল গড়ে বেকারত্ব দূর করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ণ, স্বাস্থ্য সেবা, অবকাঠামোগত উন্নয়ন ও মাদক নির্মূল করে জনগনের কাঙ্খিত পিরজোপুর উপহার দেওয়ার অঙ্গীকারে বক্তব্য রাখেন। গতকাল শনিবার স্থানীয় টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে দুপুর ১২ টায় সুজন এর জেলা সভাপতি মুনিরুজ্জামান নাসিমের সভাপতিত্বে বিএনপি প্রার্থী আলমগীর হোসেন জনগনের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, বিগত স্বৈারাচারী সরকার এদেশের সম্পদ নানাভাবে লুট করে দেশকে খালি করে দিয়েছে। এ খালি করা দেশকে বিনির্মাণে আমাদের চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফায় নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার আছে। জনগণের ভোটে আমরা সরকার গঠন করতে পারলে এ দেশ হবে নতুন বাংলাদেশ। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আমরা ১৭ বছর পিরোজপুর থেকে তথা জনগণ থেকে দূরে ছিলাম না। আপনারা ভোট দিন বা না দিন, আমরা আপনাদের পাশেই থাকবো। বলেন, আমাদের সোনালী আঁশ পাট। আমাদের এখানের কচা ও বলেশ্বর এ দু’নদীর তীরে পাটকলসহ অন্য শিল্প কল-কারখানা স্থাপন করে বেকারত্ব দূর করবো। অভিন্ন বক্তব্য ছাড়াও জামায়াত প্রার্থী মাসুদ সাঈদী বলেন, আমরা দু’প্রার্থী স্টেইজে যেভাবে পাশাপাশি বসেছি, জেলখানায় বিএনপি নেতাদের সঙ্গে একসাথে থেকেছি মানুষ সবসময় আমাদেরকে সেভাবে দেখতে চায়। বলেন, বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, এ থেকে মানুষ পরিত্রাণ চায়। যারা আগে বিভিন্ন সময়ে সরকারে থেকে নাগরিকের অধিকার হরণ করেছে। ওই সব সরকার নাগরিককে সম্মান করেনি বিধায় পৃথিবীর অনেক দেশও আমাদের নাগরিকদের সম্মান করেনা। আমরা স্বাবলম্বী নই বিধায় বৃহত্তম রাষ্ট্র আমাদের দিকে শকুনের দৃষ্টিতে তাকায়, কে সরকার গঠন করবে তা তারা ঠিক করে দেয়। বলেন, বাংলাদেশকে বৈষম্যহীন রাষ্ট্র গড়তে আবু সাঈদ, মুগ্ধরা জীবন দিয়েছে। ২৪ এর গণঅভ্যুত্থানের উদ্দেশ্য সফল করতে এবারের নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে তিনি সবার প্রতি আহবান জানান। জনগণের মুখোমুখী দাঁড় করার আগে দু’প্রার্থীকে ফুল দিয়ে বরণ করে ‘সুজন’। এসময়ে দুপ্রার্থী উচু করে হাতে হাত ধরে উপস্থিত জনগণকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, এনসিপির সদস্য সচিব আল আমিন খান ও সুজন এর খুলনা বিভাগীয় সমন্বকারী মাসুদুর রহমান। অনুষ্ঠানে সুজন এর পক্ষ থেকে উপস্থিত জনতাকে পরিবর্তনের লক্ষে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দেওয়ার আহবান জানানো হয়। প্রসঙ্গ পিরোজপু-১ আসনে মাত্র দুজন প্রার্থীই মনোনয়ন দাখিল করেছিলেন।