পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ: তদন্ত করে ব্যবস্থা নিতে বিচারিক কমিটিকে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ০৫:১৫ পিএম
পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ: তদন্ত করে ব্যবস্থা নিতে বিচারিক কমিটিকে নির্দেশ

ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচারের উত্তাপে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসিরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচনি তদন্ত ও বিচারিক কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনপূর্ব সময়ে এমন বিশৃঙ্খল ঘটনার মাধ্যমে আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ ওঠায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার (৩১ জানুয়ারি) ঢাকা-৮ আসনের রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী নির্বাচনি তদন্ত কমিটিকে এই নির্দেশনা দেন। একই সঙ্গে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের লিখিত বক্তব্যও তদন্তের জন্য যুক্ত করে দেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে পাঠানো চিঠিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন চলাকালে মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়। ওই আয়োজনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপস্থিতি ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং নাসিরুদ্দীন পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। বিষয়টি প্রিন্ট, ইলেক্ট্রনিক ও সামাজিক মাধ্যমে প্রচারিত হওয়ায় নির্বাচনী পরিবেশ ও আচরণ বিধিমালা, ২০২৫ লঙ্ঘনের বিষয়টি সামনে আসে।

সূত্রগুলো জানায়, ওই দিন পিঠা উৎসবকে কেন্দ্র করে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও এনসিপি প্রার্থী নাসিরুদ্দীন পাটওয়ারীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এনসিপি প্রার্থী কলেজে পৌঁছালে একপর্যায়ে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় এবং পরিস্থিতি অস্থির হয়ে ওঠে।

এ ঘটনার ব্যাখ্যা জানতে রিটার্নিং কর্মকর্তা মঙ্গলবার (২৭ জানুয়ারি) রমনা থানার কাছে প্রতিবেদন এবং কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত ব্যাখ্যা চান। বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ এবং শুক্রবার (৩০ জানুয়ারি) রমনা থানার ওসি লিখিত প্রতিবেদন জমা দেন। এরপরই বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটিকে নির্দেশ দেওয়া হয়।

রমনা থানার ওসি তার প্রতিবেদনে জানান, হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজে পিঠা উৎসবের বিষয়ে রাজনৈতিক নেতাদের অংশগ্রহণ নিয়ে আগে থেকে পুলিশকে অবহিত করা হয়নি। পরে বিশ্বস্ত সূত্রে জানা যায়, ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও এনসিপি প্রার্থী নাসিরুদ্দীন পাটওয়ারী উভয়েই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয় এবং কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ওসি আরও বলেন, বেলা ১১টা ৪০ মিনিটের দিকে নাসিরুদ্দীন পাটওয়ারী অনুষ্ঠানে যোগ দিলে সেখানে তীব্র উত্তেজনা তৈরি হয়। “বারান্দায় দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় উশৃঙ্খল জনতার মধ্য থেকে তার দিকে ডিম ও পানি নিক্ষেপ করা হয় এবং বিভিন্ন স্লোগান দেওয়া হয়।” তবে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত হস্তক্ষেপ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়, সার্বক্ষণিক উপস্থিতি ও তাৎক্ষণিক প্রতিরোধের কারণে বড় ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে কলেজের অধ্যক্ষ ইমরুল কায়েস লিখিত বক্তব্যে জানান, পিঠা উৎসবে কলেজের বাইরের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি এবং কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কলেজ কর্তৃপক্ষ আমন্ত্রণ করেনি। তাঁর ভাষায়, “এই আয়োজনে কোনো রাজনৈতিক প্রচার বা প্রচারণার বিষয় ছিল না।”

ঘটনাটি তদন্ত শেষে আচরণ বিধিমালা লঙ্ঘনের দায় প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে