বিএনপি জানে কীভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হয়: সিরাজগঞ্জে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ০৫:২৬ পিএম
বিএনপি জানে কীভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হয়: সিরাজগঞ্জে তারেক রহমান

দেশ পরিচালনার অভিজ্ঞতা ও সক্ষমতা একমাত্র বিএনপিরই রয়েছে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ধানের শীষে ভোটের মাধ্যমে জনগণ তাদের হারানো রাজনৈতিক ও ভোটাধিকার ফিরিয়ে এনে পলাতক স্বৈরাচারকে উপযুক্ত জবাব দেবে। একই সঙ্গে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, অর্জিত অধিকার যেন আবার কোনো ষড়যন্ত্রে ছিনিয়ে নেওয়া না হয়।

শনিবার (৩১ জানুয়ারি) সিরাজগঞ্জে আয়োজিত একাধিক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্প পার্কসহ বিভিন্ন স্থানে এসব জনসভার আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যারা জানে কীভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হয়। বিএনপি ছাড়া বর্তমানে দেশে অভিজ্ঞতাসম্পন্ন কোনো রাজনৈতিক দল নেই। মানুষ ভরসা করে তাদের ওপর, যারা বিপদের সময় পাশে থেকেছে। এই বিশ্বাস ও অভিজ্ঞতা বিএনপির মধ্যেই আছে।

তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে অনেক মানুষ নির্যাতনের শিকার হয়েছেন, এমনকি প্রাণও দিয়েছেন। এসব আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন করতে হলে শুধু সভা-সমাবেশ নয়, ভোটের মাধ্যমে জবাব দিতে হবে। তার ভাষায়, “১২ তারিখে ধানের শীষে ভোট দিতে পারলেই যারা অধিকার কেড়ে নিয়েছিল, তারা তাদের জবাব পাবে।”

বক্তব্যে তিনি বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাস করে এবং সকল ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে একসঙ্গে বসবাস করতে চায়। দলের কাছে মুখ্য বিষয় হচ্ছে একজন মানুষ বাংলাদেশের নাগরিক কি না, তার ধর্ম নয়। জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করা গেলে দেশের প্রকৃত সমস্যাগুলোর সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, সিরাজগঞ্জ ও পাবনাসহ পুরো অঞ্চলে কৃষির পাশাপাশি ছোট ও মাঝারি শিল্প কারখানা গড়ে তোলার বিপুল সম্ভাবনা রয়েছে। কৃষিকে টেনে তোলার পাশাপাশি লাখ লাখ তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এ জন্য কৃষিনির্ভর শিল্প স্থাপন, নতুন শিল্প পার্ক এবং তাঁতশিল্পের আধুনিকায়নের ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, সিরাজগঞ্জ ও পাবনার তাঁতশিল্পকে বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার সক্ষমতা রয়েছে বিএনপির।

তরুণদের বিষয়ে তিনি বলেন, দেশে ও বিদেশে কর্মসংস্থানের জন্য যুবকদের ভোকেশনাল ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। খেলাধুলায় যারা ভালো, তাদের আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি নারী শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ধানের শীষের সরকার নারীদের স্বাবলম্বী করতে কাজ করবে এবং প্রতিটি মায়ের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার উদ্যোগ নেবে।

সিরাজগঞ্জের পাশাপাশি একই দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত জনসভাতেও প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। টাঙ্গাইলের জনসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী সালাউদ্দিন টুকু সার্বিক তদারকি করছেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

এর আগে গত ১১ জানুয়ারি টাঙ্গাইল সফরের কথা থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে তা বাতিল করা হয়েছিল। দেশে ফেরার পর এটিই টাঙ্গাইলে তারেক রহমানের প্রথম সফর।

আপনার জেলার সংবাদ পড়তে