মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ক্যাথরিন ও’হারা

এফএনএস বিনোদন | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৪ পিএম
মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ক্যাথরিন ও’হারা

হলিউডের জনপ্রিয় কমেডি অভিনেত্রী ক্যাথরিন ও’হারা মারা গেছেন। গত শুক্রবার লস অ্যাঞ্জেলেসের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। অল্প সময় অসুস্থতার পর তার মৃত্যু হয়েছে বলে সংবাদমাধ্যম বিবিসিকে নিশ্চিত করেছেন অভিনেত্রীর এজেন্ট। কানাডীয় এই তারকা মূলত ‘হোম অ্যালোন’ ও ‘বিটলজুস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। পাশাপাশি জনপ্রিয় টিভি সিরিজ ‘শিটস ক্রিক’-এ অভিনয়ের জন্য তিনি এমি পুরস্কারও অর্জন করেন। সিরিজটি তৈরি করেছিলেন ইউজিন লেভির ছেলে ড্যান লেভি। এই সিরিজে মোইরা রোজ চরিত্রে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয় এবং নতুন প্রজন্মের কাছে ব্যপক জনপ্রিয়তা পান তিনি। ক্যাথরিন ও’হারা অভিনয়জীবনের শুরুটা করেছিলেন টরন্টোর বিখ্যাত সেকেন্ড সিটি ইম্প্রোভাইজেশন ট্রুপ ও টেলিভিশন শো এসসিটিভি-এর মাধ্যমে। পরে ১৯৮৮ সালে মুক্তি পাওয়া টিম বার্টনের কাল্ট ক্লাসিক ‘বিটলজুস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ব্যাপক পরিচিতি পান তিনি। ১৯৯০ সালে মুক্তি পাওয়া সুপারহিট পারিবারিক কমেডি ‘হোম অ্যালোন’-এ কেভিন ম্যাককালিস্টারের মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন ক্যাথরিন। ২০২৪ সালে পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘এটা তো একেবারে পারফেক্ট সিনেমা। আপনি যখন ভালো কোনো কিছুর অংশ হতে পারেন, তখন সেটাই আপনার পথ তৈরি করে দেয়।’ ক্যাথরিন ও’হারা ছিলেন এমন একজন শিল্পী, যিনি কমেডি ও ড্রামা-দুই ধারাতেই সমানভাবে সফল ছিলেন। টেলিভিশন ও চলচ্চিত্র-উভয় মাধ্যমেই তার উপস্থিতি হলিউড কমেডির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে