শেরপুরে জামায়াত আমিরের সমাবেশে মানুষের ঢল

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৩৮ এএম
শেরপুরে জামায়াত আমিরের সমাবেশে মানুষের ঢল
ছবি, সংগৃহিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুরের নির্বাচনি সমাবেশ নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে। তাদের স্লোগানে মুখর হয়ে উঠছে শহরের শহীদ দারোগা আলী পৌর পার্ক ও আশপাশের এলাকা। রোববার সকাল সাড়ে ১১টায় এই সমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের।

দলীয় সূত্র জানা গেছে, সকাল সাড়ে ৯টায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঝিনাইগাতী উপজেলায় ২৮ জানুয়ারি বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত জামায়াত নেতা মওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করবেন শ্রীবরদীতে গিয়ে। নিহত রেজাউল করিম জামায়াতের শ্রীবরদী থানার সেক্রেটারি ছিলেন।

সেখান থেকে বেলা সাড়ে ১১টায় শেরপুর শহরের শহীদ দারোগা আলী পৌরপার্ক মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনি জন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির। সমাবেশে তিনি জাতীয় সংসদ নির্বাচন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জামায়াতে ইসলামীর নির্বাচনি অঙ্গীকার নিয়ে বক্তব্য রাখবেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করবেন তিনি। 

সমাবেশকে কেন্দ্র করে শেরপুর জেলায় জামায়াত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। মঞ্চ নির্মাণসহ সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে শহীদ দারোগা আলী পৌরপার্ক মাঠ পরিদর্শন করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি।

আপনার জেলার সংবাদ পড়তে