আগৈলঝাড়ায় গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৫১ পিএম
আগৈলঝাড়ায় গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়

বাংলাদেশ সেনাবাহিনীর ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আগৈলঝাড়া আর্মি ক্যাম্পে রবিআার দুপুরে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং পরিচালনা করেন মেজর ইয়াসির আরাফাত, ক্যাম্প কমান্ডার, আগৈলঝাড়া আর্মি ক্যাম্প। সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা, প্রস্তুতি ও গণমাধ্যমের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। প্রেস ব্রিফিংয়ে মেজর ইয়াসির আরাফাত জানান যে, আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে। সংবিধান ও সরকার কর্তৃক প্রদত্ত নির্দেশনার আলোকে সেনাবাহিনী নির্বাচন কমিশন এবং বেসামরিক প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে, যাতে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়। তিনি আরও উল্লেখ করেন যে, যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। জনগণের জানমাল রক্ষা এবং নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে। এ সময় গণমাধ্যম প্রতিনিধিদের প্রতি আহ্বান জানানো হয় যেন তারা সত্য, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরেন। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের গুজব, অপপ্রচার ও ভ্রান্ত তথ্য প্রতিরোধে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নির্বাচনকালীন পরিবেশ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-এ বিষয়ে সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।মতবিনিময় সভাটি একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। গণমাধ্যম প্রতিনিধিরা তাদের বিভিন্ন মতামত ও প্রশ্ন উপস্থাপন করেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান করা হয়। ভবিষ্যতেও এ ধরনের পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের নিরাপত্তা রক্ষায় সর্বদা পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে