রাজশাহীতে স্ত্রীকে হত্যার অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৩৯ পিএম
রাজশাহীতে স্ত্রীকে হত্যার অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে মামলা
রাজশাহীতে স্ত্রীকে হত্যার অভিযোগে সাংবাদিক কামাল মালিকের (৫৫) বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন নিহতর ছোট ভাই শাহাদত হোসেন। মামলায় কামাল মালিককেই একমাত্র আসামি করা হয়েছে। গত শুক্রবার থেকেই তিনি পুলিশ পাহারায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। কামাল মালিক রাজশাহীর স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদের উপসম্পাদক। তিনি নগরীর হড়গ্রাম বাজারের একটি তিনতলা বাসার তৃতীয়তলায় ভাড়া থাকতেন। ৯৯৯-এর মাধ্যমে পুলিশ খবর পেয়ে গত শুক্রবার সন্ধ্যায় ওই বাসায় যায়। এ সময় ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভেতরে ঢুকে পুলিশ দেখে, কামাল মালিক বিছানায় পড়ে আছেন। তার হাতে ও পায়ে জখম ছিল। তিনি এক ধরনের রাসায়নিক পান করেছিলেন। আর মেঝেতে পড়ে ছিল তার স্ত্রী রওশন আরার (৫০) লাশ। তার গলায় কাপড় প্যাঁচানো ছিল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনকেই উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রওশন আরাকে মৃত ঘোষণা করেন। আর কামাল মালিককে ভর্তি রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। রোববার দুপুর পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। পুলিশের অনুমান, দাম্পত্য কলহের জেরে কামাল মালিক তার স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন। কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, এ ঘটনায় শনিবার রাতে নিহত নারীর ভাই তার দুলাভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। আসামি পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়টি আদালতকে অবহিত করা হয়েছে। চিকিৎসা শেষ হলে তাকে গ্রেপ্তার দেখানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। রামেক হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘কামাল মালিক এখন শঙ্কামুক্ত। তাকে আমরা আইসিইউ থেকে ওয়ার্ডে দিয়ে দিচ্ছি। পুরোপুরি সুস্থ হলে ওয়ার্ড থেকে ছাড়পত্র দেওয়া হবে। তখন হয়ত পুলিশ তাকে গ্রেপ্তার করবে।’
আপনার জেলার সংবাদ পড়তে