কিশোরগঞ্জের তাড়াইলে পিতাকে কুপিয়ে হত্যা করেছে ঘাতক ছেলে। পুলিশ হত্যাকান্ডের অভিযোগে ঘাতক ছেলেকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে ১ ফেব্রুয়ারি রবিবার সকালে জেলার তাড়াইল উপজেলার দড়িজাহাঙ্গীর মধ্যপাড়া গ্রামে। নিহত রমজান আলী (৪৫) দড়িজাহাঙ্গীর মধ্যপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। জানা গেছে, মাদকাসক্ত ছেলে জুয়েল (২৬) নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদেরকে নানা অত্যাচার করতেন। রবিবার রাতে পিতা-পুত্র একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৪ টার দিকে জুয়েল দা দিয়ে পিতাকে কোপাতে থাকেন। পিতার ডাক চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে জুয়েলকে আটক করে এবং গুরুতর আহত রমজান আলীকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুয়েলকে থানায় নিয়ে যায়। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।