পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে কৃষিবিদ শহীদুল ইসলামের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় কলাপাড়া- কুয়াকাটাগামী খাপড়াভাঙ্গা সেতুর উপর এলাকাবাসী ও তার শিক্ষা জীবনের সহপাঠীরা এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। এতে নিহতের পরিবারের সদস্য, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক মানের একজন মেধাবী কৃষিবিদ নিখোঁজের পর যেভাবে তার লাশ উদ্ধার হয়েছে, তা অত্যন্ত রহস্যজনক। এটি কোনো সাধারণ মৃত্যু নয়। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান তারা। উল্লেখ্য, কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম গত ২১ জানুয়ারি ঢাকা থেকে বরিশাল আসার পথে নিখোঁজ হন। তিন দিন পর মাদারীপুরের শিবচর উপজেলার মহাসড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলমান রয়েছে।