আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন প্রেস ব্রিফিং করেছে ভোলার দৌলতখানে। রবিবার (১ ফেব্রুয়ারি) কন্টিনজেন্টের জন্য নির্ধারিত আবাসস্থল দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজ ক্যাম্পাসে জেলার ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন আরিফ হোসেন। প্রেস ব্রিফিংয়ে তিনি তার বক্তব্যে বলেন, কোস্ট গার্ড দেশের জনগণের জান-মালের নিরাপত্তা রক্ষায় বিভিন্ন ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে উপকূলীয়বাসীর নিকট আস্থার প্রতীকে পরিণত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড পদ্ধপরিকর। নির্বাচনে কোস্ট গার্ড উপকূলীয় দুর্গম এলাকার ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবে। কোস্টগার্ডের সদস্যগণ দক্ষিণ জোনের আওতাধীন ভোলা সদর, দৌলতখান, চরফ্যাশন, মনপুরা, মেহেন্দিগঞ্জ, হাতিয়া, বাউফল, রাঙ্গাবালী, কলাপাড়া ও রামগতি উপজেলার ঝুকিপূর্ণ স্পর্শকাতর এলাকা সমূহের সর্বমোট ১১৫ টি ভোট কেন্দ্র বিশেষ গোয়েন্দা ও ড্রোন নজরদারি নিয়মিত প্রচেষ্টা অব্যাহত রেখেছে। নির্বাচনকালীন আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা দমনে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের দায়িত্বপূর্ণ এলাকায় জনগণের জান মলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে।