ডিএসইর নতুন সিএফও হিসেবে যোগ দিলেন আবিদ হোসেন খান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:১০ পিএম
ডিএসইর নতুন সিএফও হিসেবে যোগ দিলেন আবিদ হোসেন খান

ঢাকা স্টক এক্সচেঞ্জের আর্থিক নেতৃত্বে নতুন সংযোজন হলো অভিজ্ঞ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মোঃ আবিদ হোসেন খান। রোববার (১ ফেব্রুয়ারি) তিনি ডিএসইর প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

ডিএসই সূত্র জানায়, দীর্ঘ কর্পোরেট অভিজ্ঞতা ও বহুমুখী আর্থিক ব্যবস্থাপনার দক্ষতার কারণে আবিদ হোসেন খানকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। শেয়ারবাজারের আর্থিক কাঠামো আরও শক্তিশালী করতে তাঁর অভিজ্ঞতা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ডিএসইর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবিদ হোসেন খান একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। হিসাবরক্ষণ, ফাইন্যান্সিয়াল কন্ট্রোল, আর্থিক পরিকল্পনা ও বিশ্লেষণ, ব্যবসায়িক পারফরম্যান্স ব্যবস্থাপনা, ট্রেজারি এবং কর ব্যবস্থাপনায় তাঁর ১৬ বছরেরও বেশি বাস্তব অভিজ্ঞতা রয়েছে। বড় ও বহুমুখী দল পরিচালনা এবং আধুনিক আর্থিক কৌশল বাস্তবায়নেও তিনি সুপরিচিত।

ঢাকা স্টক এক্সচেঞ্জে যোগদানের আগে তিনি শপআপ গ্রুপে গ্রুপ ডেপুটি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে বাংলাদেশ ও সিঙ্গাপুরভিত্তিক একাধিক প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম তত্ত্বাবধান, দেশীয় ও আন্তর্জাতিক উৎস থেকে অর্থায়ন সংগ্রহ এবং কর্পোরেট গভর্ন্যান্স জোরদারে তিনি নেতৃত্ব দেন।

এর আগে তিনি বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্সে এফপিঅ্যান্ডএ ডিরেক্টর এবং গ্রামীণফোন লিমিটেডে মহাব্যবস্থাপক ফিনান্স হিসেবে দায়িত্ব পালন করেন। এসব প্রতিষ্ঠানে আইএফআরএস অনুযায়ী হিসাব প্রস্তুত, কর ব্যবস্থাপনা, নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয় এবং কর্পোরেট অডিট কার্যক্রমে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য বলে জানানো হয়েছে।

শিক্ষাজীবনে আবিদ হোসেন খান ন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে কেপিএমজি বাংলাদেশের তত্ত্বাবধানে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে যোগ্যতা অর্জন করেন। বর্তমানে তিনি ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। পাশাপাশি যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট্যান্টস এবং ইনস্টিটিউট অব পাবলিক অ্যাকাউন্ট্যান্টসের ফেলো সদস্য।

ডিএসই মনে করছে, আবিদ হোসেন খানের নেতৃত্বে আর্থিক ব্যবস্থাপনা আরও গতিশীল হবে এবং বাজারে আস্থার পরিবেশ জোরদার হবে।

আপনার জেলার সংবাদ পড়তে