জাতীয় পরিচয়পত্র থাকা সত্বেও ভোটার তালিকায় নাম নেই বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বসবাসরত তৃতীয় লিঙ্গের (হিজরা) সম্প্রদায়ের প্রায় অর্ধশতাধিক ব্যক্তির। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন হিজরা সম্প্রদায়ের এসব ব্যক্তিরা। জাতীয় পরিচয়পত্র থাকার পরেও ভোটার তালিকায় তাদের নাম না থাকার চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তৃতীয় লিঙ্গের এসব ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কেন আমাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত করা হয়েছে। তারা অভিযোগ করেন, শুধু ভোটাধিকারই নয়; সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও আমরা বঞ্চিত। সমাজের বিভিন্নস্তরে এখনো তারা (হিজরা) বৈষম্যের শিকার হচ্ছেন বলেও উল্লেখ করেন। তৃতীয় লিঙ্গের একাধিক ব্যক্তিরা বলেন, আমাদের প্রায় ৫০ জন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র আছে কিন্তু ভোটার তালিকায় আমাদের নাম নেই। আমরা নাগরিক হিসেবে মৌলিক অধিকার চাই, ভোটাধিকার প্রয়োগ করতে চাই। এজন্য তারা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি করে তারা আরও বলেন, কাজের সুযোগ পেলে আমরা সমাজের ওপর বোঝা না হয়ে সম্মানের সাথে জীবনযাপন করতে চাই। তৃতীয় লিঙ্গের এসব ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র থাকার পরেও কেন তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি সে প্রসঙ্গে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইব্রাহীম বলেন, বিষয়টি আমার জানা ছিলোনা। কেউ কখনও বিষয়টি আমাকে অবহিত করেননি। জাতীয় পরিচয়পত্র থাকলে কেন তাদের (হিজরা) নাম ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হয়নি, সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। এখানে কোন কর্মকর্তার গাফিলতি থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। পাশাপাশি বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।