সিলেটের বিয়ানীবাজার উপজেলায় মোটরসাইকেল ও নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষে বাধন আহমেদ (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মাহিন নামের আরেক তরুণ। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাগবাড়ী মডেল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাধন আহমেদ বিয়ানীবাজার থানার নওয়াখানী গ্রামের রুহেল আহমদের ছেলে। আহত মাহিন বাধনের বন্ধু এবং মোটরসাইকেলের অপর আরোহী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি মোটরসাইকেলের সঙ্গে একটি নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বাধন আহমেদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করলে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত মাহিনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।