এই প্রথম কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জামায়াতে ইসলাম জনসম্মুখে বড় ধরণের জনসভা করতে যাচ্ছে । ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার ১৩তম দিনে আজ (মঙ্গলবার) কটিয়াদী সরকারি কলেজ খেলার মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। রোববার রাতে পৌর সদরের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। কলেজ খেলার মাঠে মঞ্চ নির্মাণসহ জনসভার সার্বিক প্রস্তুতি ও কার্যক্রম চলমান রয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিতব্য এ জনসভায় কিশোরগঞ্জ জেলার ছয়টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দেয়ার কথা রয়েছে জামায়াত আমীরের। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক কাজি মোঃ সাইফুল্লাহ, উপজেলা আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, জেলা কর্ম পরিষদ সদস্য মাওঃ মোঃ ইউসুফ, ইসলামী ছাত্র শিবির সাবেক জেলা সভাপতি ফায়জুল হক উজ্জল ও জেলা ইউনিট সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। জামায়াত আমীরের আগমনকে কেন্দ্র করে জনসভায় কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে লক্ষাধিক মানুষের সমাগম ঘটতে পারে বলে ধারণার কথা জানান। জনসভাকে ঘিরে নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা জনসভাকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সহযোগিতা করছেন বলেও জানান।