ঘাতক ট্রাক কেড়ে নিল পথচারীর প্রান, চালক আটক

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) :
| আপডেট: ২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৩৩ পিএম | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৩৩ পিএম
ঘাতক ট্রাক কেড়ে নিল পথচারীর প্রান, চালক আটক

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ট্রাকের চাপায় ইয়াকুব আলী মোল্যা (৭৯) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নওয়াপাড়া নূরবাগ এলাকায় প্যারাডাইস হোটেলের সামনে যশোর-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। নিহত ইয়াকুব আলী মোল্যা উপজেলার সরখোলা গ্রামের মৃত গোলাম মোহাম্মদ মোল্যার ছেলে। আটক ট্রাকচালক রিয়াজ হোসেন (৩৫) যশোর সদর উপজেলার রুপদিয়া গ্রামের খাঁনপাড়া এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে খুলনাগামী একটি ট্রাকের (যশোর-ট ১১-৫০৫২) চাপায় একজন বৃদ্ধ পথচারী ঘটনাস্থলে মারা যান। পরে উত্তেজিত জনতা সেনাবাহিনীর সহযোগিতায় ট্রাকসহ চালককে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করে। ঘটনাস্থলে উপস্থিত অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও চালক রিয়াজ হোসেনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।’ এ বিষয় নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফজলুল করিম বলেন, ‘নিহত পথচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার ৩০ মিনিট পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আপনার জেলার সংবাদ পড়তে