আওয়ামী লীগের নেতা-কর্মীদের দলে ভিড়িয়ে তাদের পুনর্বাসন করার প্রতিবাদে এবং বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মীদের মূল্যায়ন না করায় পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের পক্ষ ত্যাগ করে দলের বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলামের পক্ষে যোগ দিয়েছেন চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ। গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে স্বতন্ত্র প্রার্থী কেএম আনোয়ারুল ইসলামের বাসভবন চত্বরে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান নেতৃবৃন্দ। চাটমোহর পৌর বিএনপির সদস্য বহিস্কৃত সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন,“যারা ১৭ বছর রাজপথে ছিলাম,জেল-জুলুম খেটেছি,ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে সক্রিয় ছিলাম,তারাই আজ এখানে উপস্থিত আছি। এখানে কোন নব্য বিএনপি নেই। আমরা স্থানীয় প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছি,কারণ তৃণমূল বিএনপির নেতা-কর্মীরা কোন বহিরাগত প্রার্থীকে চায়না। সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম দীর্ঘদিন চাটমোহরের রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন। তাঁর মনোনয়নের জন্য আমরা দাবি করেছিলাম। কিন্তু কেন্দ্র তা না মেনে কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনকে মনোনয়ন দিয়েছে।” থারা আরো বলেন,‘গত ১৭ বছর এদেশের মানুষ ভোট দিতে পারেননি। এবার ভোট উৎসব হবে। কিন্তু দল ভুল সিদ্ধান্ত দিয়ে বহিরাগতকে মনোনয়ন দিয়েছেন। আমরা ধানের শীষের মানুষ,ধানের শীষই আমাদের প্রাণ। কিন্তু ধানের শীষের যিনি প্রার্থী,তিনি আমাদের কোন মূল্যায়ন না করে আওয়ামী-ফ্যাসিস্টদের দলে ভিড়িয়েছেন। এটা আমাদের জন্য অপমানজনক। চাটমোহরের মাটিতে আমাদের নাড়ি পোঁতা,চাটমোহরের মানুষকে সাথে নিয়েই বাঁচবো,থাদের সাথে নিয়েই মরবো। আমরা চাটমোহরের মানুষকে নেতা হিসেবে চাই,এমপি হিসেবে চাই। আজকে আওয়ামী লীগ নেতাদের দলে ভেড়ানো হচ্ছে,এতে আমাদের হৃদয় ভেঙে গেছে। চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুরের সাধারণ মানুষের পাল্স আমরা বুঝেছি। সাধারণ মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটানোর জন্য,বিএনপিকে বাঁচানোর জন্যই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা ঘোড়া মার্কাকে বিজয়ী করেই ঘরে ফিরবো।” সংবাদ সম্মেলনে চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন,পৌর যুবদলের আহবায়ক তানভীর জুয়েল লিখন,চাটমোহর পৌর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রাহুল,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান হোসেন,সদ্য বহিস্কৃত উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ,সদ্য বহিস্কৃত উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবু,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খায়রুল আলম,উপজেলা শ্রমিক দলের নেতা শাহজাহান আলী,ছাত্রদল নেতা মাসুম আকাশ,রুহুল,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হৃদয়,যুগ্ম আহবায়ক আতিক,শাকিব,যুবদল নেতা সোহাগ,জনি,আঃ আলিম,স্বেচ্ছাসেবক দলের রনি,পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।