নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের ছোটকাঠুরী গ্রামে জমিতে খুঁটি পুতে দখল চেষ্টার অভিযোগ উঠেছে ওই এলাকার আব্দুল মান্নান, রতন মিয়া ও কিনা মিয়ার বিরুদ্ধে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় সাংবাদিকের কাছে লিখিত অভিযোগ করেন ওই এলাকার আব্দুল আজিজ। তিনি জানান, তার পিতার মৃত্যুর পর পরিবারের আপোষবণ্টন অনুযায়ী প্রাপ্ত ৩৯ শতাংশ জমি তিনি ভোগ করে আসছেন। কিন্তু প্রতিবেশী আব্দুল মান্নান, রতন ও কিনা মিয়া দীর্ঘদিন ধরে প্রায় ১৭ শতাংশ জমিতে খুঁটি পুঁতে এবং গাছপালা রোপণ করেছেন। আব্দুল আজিজ বলেন, গত ১০ জানুয়ারি সকালে তিনি জমিতে গেলে অভিযুক্তরা ভীষণ উত্তেজিত হয়ে তাকে মারধরের চেষ্টা করে। পরে তিনি দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা হুমকি প্রদর্শন করে এবং সেখান থেকে পালিয়ে যায়। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা তাকে হুমকি দিচ্ছে যে, যদি তিনি জমিতে যান তাহলে হত্যা করে জমিতেই লাশ পুঁতে ফেলা হবে। তিনি স্থানীয় প্রশাসন ও পুলিশ থেকে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। জানতে চাইলে অভিযুক্ত আব্দুল মান্নান দাবী করেন এই জমির তাদেরও কাগজপত্র রয়েছে। এ ব্যাপারে দুর্গাপুর থানার তদন্তকারী কর্মকর্তা এস আই আসাদুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে সরেজমিনে গিয়েছি। অপর পক্ষও অভিযোগ দিচ্ছে, তারা বসে বিষয়টি মিমাংসা করবে।