নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়ীয়া ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাত ভাইয়ের হাতে ইউসুফ মোল্যা (৩৭) নামে এক ব্যক্তি খুন হয়েছে। ০২ ফেব্রুয়ারী (সোমবার) সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ মোল্যা ওই গ্রামের মনিরুজ্জামান ওরফে রোদে মোল্যার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মনিরুজ্জামান ওরফে রোদে মোল্যার সাথে তার ভাই বালাউদ্দিন মোল্যার দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে বহুবার শালিস হলেও কোন সুরাহা হয়নি। ঘটনার দিন ওই জমি নিয়ে ইউসুফ ও তার চাচাত ভাই বালাউদ্দিনের ছেলে আতাউরের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে ইউসুফ মোল্যাসহ পার্শ্ববর্তী খামার পারোখালী গ্রামের মোঃ ইসরাইল মুন্সির ছেলে ফিরোজ ও আশরাফুল গুরুতর আহত হয়। আহতদের নিকটবর্তী তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ মোল্যাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহিম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী ও ডিবি পুলিশের নজরদারী অব্যাহত আছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।