মানব পাচার প্রতিরোধে প্রচারাভিযান

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:২১ পিএম
মানব পাচার প্রতিরোধে প্রচারাভিযান

উন্নয়ন সংগঠন রূপান্তর এর উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে মানব পাচার ও নিরাপদ অভিবাসনে সচেতনতা সৃষ্টির জন্য প্রচারাভিযান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় সোমবার (২ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কার্যক্রমের ধারাবাহিকতায় সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রচারাভিযান কর্মসূচীর শুরুতে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান সহকারী শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান। মানব পাচার ও নির্যাতনকে অন্যায় ও অপরাধ হিসেবে গণ্যসহ মানব পাচারের শিকার নারী-পুরুষকে সম্মান দেখানোসহ তাদের মর্যাদা ও স্বনির্ভরতার লক্ষ্যে সহযোগিতা করতে সচেষ্ট থাকার বিষয়ে শিক্ষার্থীরা শপথ গ্রহণ করে। শপথ গ্রহণ শেষে “স্বাক্ষরে প্রতিবাদ, মানব পাচার নিপাত যাক”প্রতিপাদ্যে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন। গণস্বাক্ষর শেষে শিক্ষার্থীদের ভিডিও ডক্যুেমন্টারি দেখানো হয়। এছাড়া “মানব পাচার একটি অপরাধ-প্রতিরোধ আমাদের অঙ্গীকার”প্রতিপাদ্যে চিত্রাংকন  ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী পর্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম আব্দুর রকিব আল মেহেদী প্রধান অতিথির বক্তব্যে বলেন, মানব পাচারের ক্ষেত্রে সাতক্ষীরা বরাবরই একটি বিপদাপন্ন এলাকা। বিপুল সংখ্যক মানুষ প্রতি বছর এ জেলা থেকে বিদেশে যায় এবং এদের একটা বড় অংশ অসচেতনতার কারণে প্রতারণার শিকার হয়। তিনি উল্লেখ করেন, স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এই ধরণের ক্যাম্পেইন আয়োজনের ফলে শিক্ষার্থীদের মধ্যে মানব পাচার বিষয়ে সচেতনতা তৈরি হবে এবং এদের মাধ্যমে তাদের পরিবার ও আশেপাশের মানুষ জানতে পারবে। অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় ফাহিম আহম্মেদ, মোঃ সিয়াম, নুসাইবা মুশতারী, সোনিয়া খাতুন, আশা খাতুন এবং ক্যাম্পেইন সম্পর্কিত কুইজ পর্বে সঠিক উত্তর দিয়ে মিজবাউল আরেফিন, ফাহিম হোসেন, সাহিব হোসেন, বিলকিস খাতুন, নুসাইবা মুশতারী বিজয়ী হন।ক্যাম্পেইনে অন্যদের মধ্যে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক রওশানারা, সুজায়েত আলি, রাম প্রসাদ বিশ্বাস, গোলাম কুদ্দুস, শিখা রানী রায়, আব্দুল ইসলাম, জাহানারা খাতুন, জাহাঙ্গীর আলমসহ অন্যান্য শিক্ষকগণ, আশ্বাস প্রকল্পের প্রোগাম অফিসার দিপ্তি রায়, কমিউনিটি ফ্যাসিলিটেটর মোঃ মাহাবুবুর রহমান আকন্দ ও সিটিআইপি সদস্য সালমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার জেলার সংবাদ পড়তে