মোল্লাহাটে পুলিশের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) :
| আপডেট: ২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:১৩ পিএম | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:১৩ পিএম
মোল্লাহাটে পুলিশের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় পুলিশের এক এএসআই ও তার স্বজনদের বিরুদ্ধে অন্যের জমি জবরদখল এবং নিরীহ পরিবারের ওপর সীমাহীন জুলুম-নির্যাতনের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় উপজেলার কাচনা মধ্যপাড়া এলাকার একাধিক পরিবারের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ভুক্তভোগী নুরুন্নাহার জানান, তারা তিন বোন। তাদের কোনো ভাই নেই। তাদের পিতা বজলুর রহমান বেনু একজন অত্যন্ত নিরীহ ও অসহায় ব্যক্তি। এই অসহায়ত্বের সুযোগ নিয়ে পুলিশের এএসআই হাফিজুর শেখের স্বজনরা তাদের ২১ শতাংশ ফসলি জমি বর্গা চাষাবাদের দায়িত্ব নেন। প্রথমদিকে সরল বিশ্বাসে জমি বর্গা দিলেও ঠিকমতো ফসলের ভাগ না দেওয়ায় চলতি মৌসুমে জমিটি নিজেরাই চাষাবাদ করবেন বলে সিদ্ধান্ত নেন তারা। নুরুন্নাহার আরও অভিযোগ করেন, গত ১২ জানুয়ারি তারা নিজেদের ন্যায্য জমিতে ধান রোপণ করতে গেলে বর্গা চাষিরা রামদা সহ দেশীয় বিভিন্ন মারাত্মক অস্ত্র নিয়ে তাদের ওপর বর্বরোচিত হামলা চালায়। এ সময় তার বৃদ্ধ পিতা বজলুর রহমান বেনু গুরুতর আহত হন। পরদিন ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে এ ঘটনায় মোল্লাহাট থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর বর্গা চাষের অজুহাতে অভিযুক্ত জবরদখলকারী ইবাদ বর্তমানে জেল হাজতে রয়েছেন। তবে মামলার অন্যান্য আসামিদের মধ্যে কয়েকজন জামিনে মুক্তি পেয়ে এবং একজন জামিন না নিয়ে এলাকায় অবস্থান করে ভুক্তভোগী পরিবারটিকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন নুরুন্নাহার। এলাকাবাসীর অভিযোগ, পুলিশের একজন সদস্যের স্বজন হওয়ায় অভিযুক্তরা প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি দখল ও নির্যাতন চালিয়ে আসছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। ওই বিষয়ে হাফিজুর শেখের ভাই আসামি সাইদ শেখ বলেন, আমার ভাইয়ের কেনা জমি আমরা খাই, ওদের সাথে আমাদের বিরোধ নাই, আমরা কারো জমি জবরদখল করিনা। যাদের যাদের সাথে জমি নিয়ে বিরোধ আছে কেবল তারা আমাদের বিরুদ্ধে বলতে কথা বলে। এ বিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক বলেন, ওই ঘটনায় মামলা হয়েছে। পালাতক আসামিকে আটকের তৎপরতা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে