বরিশালের মুলাদীতে জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রচারণায় বাঁধা ও নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বেলা পৌনে ২টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের জালিয়াকান্দি ১ নম্বর ওয়ার্ডের খান বাড়ির সামনের সড়কে এঘটনা ঘটে। এ সময় লাঙ্গল প্রতীকের গণসংযোগ ও প্রচারণার গাড়ি বহর জোরপূর্বক আটকে রাখা হয়। মুলাদী উপজেলা যুবদলের সহ-সভাপতি ও কাজিরচর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর) নুরুল ইসলাম মৃধা ও স্থানীয় বিএনপি কর্মী জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা প্রচারণার গাড়ি আটকে দেন বলে অভিযোগ করেন লাঙল প্রতীকের প্রতিনিধি হাবিবা কিবরিয়া। এঘটনার হাবিবা কিবরিয়া বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। পুলিশের উপস্থিতিতে বিএনপি নেতাকর্মীরা জাতীয় পার্টির ৪টি গাড়ী সড়কে প্রায় ৩০ মিনিট ধরে আটকে রাখেন এবং কর্মীদের ভয়ভীতি দেখান বলেও অভিযোগ রয়েছে। তবে যুবদল নেতা নুরুল ইসলাম মৃধা জাতীয় পার্টির প্রচারণায় বাঁধা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। জাতীয় পার্টির নির্বাচনী কার্যালয় থেকে জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুলাদী-বাবুগঞ্জ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। তিনি কারাবন্দী থাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তার মেয়ে হাবিবা কিবরিয়া এবং দলের নেতাকর্মীরা। তিনি লাঙল প্রতীকের প্রার্থীর পক্ষে প্রতিনিধিত্বও করছেন। হাবিবা কিবরিয়া জানান, সোমবার বেলা পৌনে ২টার দিকে নেতাকর্মীদের নিয়ে গাড়ী বহরে তারা কাজিরচর ইউনিয়নের জালিয়াকান্দি এলাকায় প্রচারণায় যাচ্ছিলেন। খান বাড়ির সামনে পৌছলে নূরুল ইসলাম মৃধাসহ বিএনপি নেতাকর্মীরা গাড়ীবহর আটকে প্রচারণায় বাঁধা দেন এবং সবাইকে ফিরে যাওয়ার নির্দেশ দেন। ওই সময় বিএনপি নেতাকর্মীরা লাঙল প্রতীকের কর্মীদের বিভিন্ন ভয়ভীতি দেখান। ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যরা বিএনপি নেতাকর্মীদের হুমকি ও চাপের মুখে একপর্যায়ে অসহায় অবস্থায় পড়েন। এ ঘটনায় হাবিবা কিবরিয়া উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রচারণায় বাঁধা এবং হুমকি দেওয়ায় কর্মীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। এছাড়া সাধারণ ভোটারের মধ্যেও সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া এ ধরণের ঘটনা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন, যা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়াকে মারাত্মকভাবে বাঁধাগ্রস্ত করছে। এব্যাপারে উপজেলা যুবদলের সহসভাপতি ও ইউপি সদস্য নুরুল ইসলাম মৃধা বলেন, বিএনপি নেতাকর্মীরা জাতীয় পার্টির প্রচারণায় বাঁধা কিংবা কর্মীদের ভয়ভীতি দেখায়নি। সোমবার দুপুরে প্রচারণার সময় জাতীয় পার্টির নেতাকর্মীরাই বিএনপি কর্মী ও ভোটারদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। ওই সময় বিএনপি ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা হয়েছিলো। এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার বলেন, কোনো প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়ার বিষয়ে জানা নেই। তবে অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।