নিষিদ্ধ আ.লীগের সহযোগিতায় হামলা চালাচ্ছে বিএনপি—অভিযোগ এনসিপির

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:১৬ পিএম
নিষিদ্ধ আ.লীগের সহযোগিতায় হামলা চালাচ্ছে বিএনপি—অভিযোগ এনসিপির
ছবি, সংগৃহিত

সম্প্রতি এনসিপিসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে এবার মুখ খুললো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে সোমবার এসব অভিযোগ জানায় দলটি। পরে বিকেলে সাংবাদিকদের এসব কথা জানান এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আইমান রাহাত বললেন, “দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় ইসি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি। নির্বাচনি প্রচারণায় এনসিপিসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগিতায় হামলা চালাচ্ছে বিএনপি।”

এ সময় দলটির পক্ষ থেকে সিইসি বরাবর দেয়া লিখিত অভিযোগে সম্প্রতি ৮টি ঘটনা উল্লেখ করে অভিযোগ দেওয়া হয়। 

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি অভিযোগ করে যে, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন তার বক্তব্যে দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে পুলিশ, এনএসআই ও ডিজিএফআই- এই তিন প্রতিষ্ঠানের জরিপের কথা উল্লেখ করেছেন। এতে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। একই সঙ্গে, গত ৩১ জানুয়ারি কৃষি ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ সংক্রান্ত তারেক রহমানের বক্তব্যের রেশ ধরে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সহযোগী হিসেবে কাজ করছেন বলেও অভিযোগ জানানো হয়।

দেশব্যাপী হামলার ধরন (প্যাটার্ন) বিশ্লেষণ করলে দেখা যায়, একটি নির্দিষ্ট দলই পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটিয়ে যাচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে