আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারীর নির্বাচনী প্রচারণা দিন দিন বেগবান হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে পথসভা ও ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকে রাত পর্যন্ত ডা. আব্দুল বারী দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের গ্রাম ও বাজার এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেক ভোটার স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি তাদের সমর্থনের কথা জানান।
পথসভাগুলোতে ডা. আব্দুল বারী বলেন, দেশ ও মানুষের কল্যাণে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রয়োজন। বাগমারার উন্নয়ন, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও নৈতিক সমাজ গঠনে অগ্রাধিকার দেওয়া হবে। গণসংযোগ ও পথসভায় জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
স্থানীয়রা জানান, শান্ত, ভদ্র ও শিক্ষিত প্রার্থী হিসেবে ডা. আব্দুল বারী এলাকায় ইতোমধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। আগামী দিনে দাঁড়িপাল্লার পক্ষে আরও জোরালো জনসমর্থন তৈরি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।