গফরগাঁওয়ে ধানের শীষের সমর্থনে গণমিছিল ও সমাবেশ

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:১৯ এএম
গফরগাঁওয়ে ধানের শীষের সমর্থনে গণমিছিল ও সমাবেশ

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর ধানের শীষের সমর্থনে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার, (২ ফেব্রুয়ারী) দুপুরে গফরগাঁও পৌরসভা মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ইমামবাড়ী ঈদগাহ মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির নেতাকর্মীরা স্থানীয় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গফরগাঁও আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। তিনি বলেন, ধানের শীষ হলো গণতন্ত্রের প্রতীক, ন্যায়ের প্রতিক। তাই ধানের শীষ বিজয়ী হলে এদেশের মানুষ শান্তিতে ও নিরাপদে থাকবেন। সারাদেশে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। তিনি আরও বলেন, আমার বৈষম্যহীন মানবিক গফরগাঁও-পাগলা গড়ার পরিকল্পনা রয়েছে। আমরা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, বেকারত্বমুক্ত করতে চাই। চাঁদাবাজিমুক্ত ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে চাই। মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, প্রতিশোধ, প্রতিহিংসার পরিবর্তে আমরা ইনসাফভিত্তিক সমাজ গঠন করতে চাই। উন্নয়ন, অগ্রযাত্রার জন্য ধানের শীষে ভোট দিন। এসময় পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস সালাম বেপারী, জাহিদ হাসান স্বপন, মিজানুর রহমান পল্টন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ শেখ, উপজেলা শ্রমিক দলের সাবেক আহবায়ক গফুর হাসান, পৌর শ্রমিকদলের আহবায়ক আল আমিন জনি,  জেলা দক্ষিণ যুবদলের সহ সভাপতি মাহিবুর রহমান নাসিম, আব্দুস ছালাম বিপ্লব, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম জুয়েল, আব্দুল আজিজ সাদেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর মোজাম্মেল হোসেন মনন, সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদার, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বাবুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক মুক্তার হোসেন, উপজেলা তাতীদলের সদস্য সচিব মোক্তার হোসেনসহ স্থানীয় অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে