বরিশালের ২১ আসনই বিএনপিকে উপহার দেবে জনগণ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:২২ এএম
বরিশালের ২১ আসনই বিএনপিকে উপহার দেবে জনগণ

বরিশালের বিভাগের ২১টি আসনই জনগণ বিএনপিকে উপহার দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন। আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশালে আগমন উপলক্ষে ২ ফেব্রুয়ারি সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, বরিশাল বিভাগ বিএনপির এবং ধানের শীষের। ইতিপূর্বে যতোবার নির্বাচন হয়েছে, ততোবার ধানের শীষের বিজয় হয়েছে। তিনি আরও বলেন, ২০০১ সালে আমরা এখানে ১৯টি আসন পেয়েছি এবং আওয়ামী লীগের শাসনামলে দলের দুঃসময়েও যতোবার আমরা নির্বাচন করেছি, বরিশাল-৫ (সদর) আসন আমাদের হাতছাড়া হয়নি। এবারও জনগণ আমাদের উপহার দেবে। তারা ১৭ বছর ভোট দিতে পারেনি। বিএনপি জনগণের দল এবং আমাদের নেতাও বলেছেন জনগণের পাশে থাকতে। আর আমরা যেহেতু জনগণের সাথে আছি, তাই আমরা বিশ্বাস করি বরিশালের সবকটি আসন তারা বিএনপিকেই উপহার দেবে। তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপির বরিশাল বিভাগের আটটি ইউনিট সমানভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে শিরিন বলেন, ইতোমধ্যে বিভাগের ২১ আসনের প্রার্থী ও ইউনিট নেতৃবৃন্দের সাথে বৈঠক সম্পন্ন করে বিভিন্ন কাজে উপকমিটি গঠণ করে দেওয়া হয়েছে, যারা তাদের কাজগুলো করে যাচ্ছেন। সমাবেশকে সফল করতে বিভাগজুড়ে প্রচারণার কার্যক্রম চলমান রয়েছে। প্রশাসনের সাথে কথা বলে বর্তমানে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্কের মাঠ ও মঞ্চ প্রস্তুতের কাজ চলমান রয়েছে। তিনি বলেন, তারেক রহমান আকাশপথে হেলিকপ্টারযোগে বুধবার সকালে দীর্ঘ ২০ বছর পর বরিশালে আসবেন এবং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান শেষে আবার একইভাবে ফিরে যাবেন। বিএনপির এ সাংগঠনিক সম্পাদক বলেন, বরিশালের বিভাগীয় সমাবেশ বেলা ১১টায় শুরু হবে এবং সেই মঞ্চে বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে আমাদের নেতা তারেক রহমান বক্তব্য রাখবেন। তাকে বরণ করার জন্য আমরাসহ গোটা বরিশালবাসী অপেক্ষায় রয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে