আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বরিশালকে চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি শান্তিপূর্ণ নগরী হিসেবে গড়ে তুলতে আমি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেছেন, কলোনী এলাকাগুলোর নাগরিক সুযোগ-সুবিধা উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বরিশাল গড়তে আমি সর্বাত্মকভাবে কাজ করে যাবো। সোমবার (২ ফেব্রুয়ারি) দিনভর বরিশাল সিটি মার্কেট, পোর্ট রোড, মহাসিন মার্কেট, কলাপট্টি কলোনী ও রসুলপুর কলোনী এলাকায় জনসংযোগকালে তিনি এ সব কথা বলেছেন। একইদিন রাতে ইমাম সমিতি বরিশাল মহানগর সভাপতি মাওলানা আহমাদ আলী কাসেমীর সভাপতিত্বে বরিশালের ইমাম ও মুয়াজ্জিনদের অংশগ্রহণে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী ফয়জুল করীমের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় মুফতী ফয়জুল করীম দ্বীনি খেদমত, মসজিদ ভিত্তিক সামাজিক উন্নয়ন, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইমাম ও মুয়াজ্জিনরা সমাজ গঠনের অগ্রদূত। ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে তাঁদের ভূমিকা অনস্বীকার্য। আগামীদিনে ধর্মীয় নেতৃত্বকে সাথে নিয়েই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত বরিশাল গড়তে চাই।