বাংলাদেশ নির্বাচন কমিশনের সংস্কার ও বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন প্রদানসহ ৫ দফা সংস্কার দাবিতে আজ (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ আমজনগণ পার্টির উদ্যোগে কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসের সামনে এক শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে দলের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সমর্থকরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বক্তারা বলেন, সকল আইনগত শর্ত পূরণ এবং গণবিজ্ঞপ্তি জারি হওয়ার পরও বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন সনদ অযৌক্তিকভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, যা সংবিধানপ্রদত্ত রাজনৈতিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ আমজনগণ পার্টি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মাহমুদ হাসান লেলিন, সদস্য সচিব শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা শাখার আহ্বায়ক মো: জিয়াউর রহমান জিয়া প্রমুখ। বক্তারা আরও বলেন, যে নির্বাচন ব্যবস্থায় দিনের ভোট রাতে হয়ে যায় এবং একজন ব্যক্তি একাধিক ভোট দিতে পারে-সে বিকৃত সিস্টেম জনগণ আর চায় না। নির্বাচন কমিশনকে অবিলম্বে দল নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। সঙ্গে বৈষম্যহীন আচরণ, নির্বাচন কমিশনের জবাবদিহি নিশ্চিতকরণ, রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত স্বাধীন নির্বাচন কমিশন গঠন, দল নিবন্ধন ও অভিযোগ নিষ্পত্তিতে ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালু করাসহ এই ৫ দফা সংস্কার দাবী জানানো হয়। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ন্যায্য দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন নেতৃবৃন্দ।