ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি এ. বি সিদ্দিকুর রহমান ভোটারদের উদ্দেশে বলেন, হাঁস হলো সমৃদ্ধির প্রতীক, ভাগ্য পরিবর্তনের প্রতীক ও নতুন শান্তির প্রতীক। সুতরাং এইবারের ভোটটা হাঁস মার্কায় হবে। আপনারা একটিবার আমাকে সুযোগ দিন। এইবারে ভোটটা আমার হাঁস মার্কায় দিন। গত সোমবার (২ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার টাংগাব ইউনিয়নের বারইহাটি মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ. বি সিদ্দিকুর রহমান একথা বলেন। এলাকার উন্নয়নের অঙ্গীকার করে তিনি বলেন, ‘আমি আজকে আমার টাংগাব নির্বাচনী জনসভা থেকে ওয়াদা করছি, এ এলাকায় একটি হাসপাতাল করে দেওয়া আমার নির্বাচনী ওয়াদা। শুধু হাসপাতাল নয়, পাকা রাস্তাও করা হবে। আমি আমার নির্বাচনী জনসভা থেকে আশ্বস্ত করছি, হাঁস মার্কার জয়ী হলে পাগলাকে উপজেলা করার ব্যবস্থা করব। এ. বি সিদ্দিকুর রহমান আরও বলেন, আল্লাহ যদি আমাকে আপনাদের উসিলায় এমপি নির্বাচিত করেন, যেই সরকারে আসুক না কেন, আমি একজন স্বতন্ত্র এমপি হিসেবে সরকারকে বাধ্য করব এই এলাকার উন্নয়ন করার জন্য। স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির উন্নয়নের জন্য কেবল সরকারি বরাদ্দ নয়, আমি আমার নিজস্ব উদ্যোগে সর্বোচ্চ চেষ্টা করব, যেন এই অবহেলিত গফরগাঁও- -পাগলা জনপদের উন্নয়ন হয়। মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুশফিকুর রহমান। সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় ভোটারগণ উক্ত নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন।