দিঘলিয়ার ফরমাইশখানা একই জায়গায় সিরিজ চুরি

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০৮ পিএম
দিঘলিয়ার ফরমাইশখানা একই জায়গায় সিরিজ চুরি

দিঘলিয়া উপজেলার দিঘলিয়া সদর ইউনিয়নের ফরমাইশখানা গোলারঘাট মিতালি সংঘ ও কমিউনিটি ক্লিনিকে একের পর এক চুরি হলেও অপরাধীরা থাকছে ধরা ছোয়ার বাইরে।  সূত্র থেকে জানা গেছে, দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ফরমাইশখানা গ্রামের গোলারঘাট নামক স্থানে পাশাপাশি অবস্থান মিতালি সংঘ ও কমিউনিটি ক্লিনিক। গত এক বছর ধরে এ প্রতিষ্ঠান দুইটি একের পর এক চুরি সংঘটিত হয়েছে। মিতালি সংঘে সংরক্ষিত সরকারি বরাদ্দের ঢেউটিন রাতের আঁধারে কে বা কারা চুরি করে অবাধে পালিয়ে যায়। পরবর্তীতে ফরমাইশখানা কমিউনিটি ক্লিনিক থেকে জানালা দিয়ে তার টেনে রাউডার ও কোণ রাতের আঁধারে চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে দিঘলিয়া থানায় জিডি করা হয়েছে। পরবর্তীতে ফরমাইশখানা মিতালি সংঘ থেকে রাতের আঁধারে কে বা কারা বড় ধরণের একটা স্টিলের আলমিরা চুরি করে নিয়ে যায়। এর কয়েকদিন পরেই কমিউনিটি ক্লিনিকে দায়িত্বরত চিকিৎসকের মোটরসাইকেলটি দিবালোকে কে বা কারা চুরি করে নিয়ে যায়। গতকাল সোমবার (২ ফেব্রুয়ারী) দিবাগত গভীর রাতে কে বা কারা কমিউনিটি ক্লিনিকের সার্ভিস তার কেটে নিয়ে গেছে। এলাকাবাসী জানায়, অপরাধ সংঘটিত স্থলের আশপাশে গভীর রাত পর্যন্ত উঠতি বয়সী যুবকদের আড্ডা চলে। গোলারঘাট রুবায়েত ও শাহ আলমের দোকানে চুরি সংঘটিত হওয়ার পর থেকে গোলারঘাট দোকান পাহারা দিতে বেতনভুক্ত নৈশ প্রহরী কর্তব্যরত অবস্থায় একের পর এক এ ধরণের চুরি সংঘটিত হয়েছে বা হচ্ছে। দিঘলিয়া থানাকে বারবার অবহিত করা হয়েছে। কিন্তু কোনো প্রকার প্রতিকার নেই। জনৈক গোয়েন্দা সংস্থার সদস্য এ প্রতিবেদককে জানান, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে আমরা একাধিকবার দৃষ্টি আকর্ষণ করেছি। এ ব্যাপারে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলমের দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে