দুর্নীতি ও চাঁদাবাজমুক্তর প্রত্যয় ব্যক্ত করলেন দাঁড়িপাল্লার প্রার্থী

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৩৬ পিএম
দুর্নীতি ও চাঁদাবাজমুক্তর প্রত্যয় ব্যক্ত করলেন দাঁড়িপাল্লার প্রার্থী

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেছেন, জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তবে বাকেরগঞ্জকে একটি দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। একইসাথে এলাকার বেকার সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার মহেশপুর বাজারে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেছেন।  এ সময় তিনি দলীয় প্রতীক দাঁড়িপাল্লা’য় ভোট চেয়ে সাধারণ ভোটার ও ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। গণসংযোগকালে পথসভায় দেওয়া বক্তব্যে মাওলানা মাহমুদুন্নবী তালুকদার আরও বলেছেন, সমাজের রন্ধে রন্ধে দুর্নীতি ও চাঁদাবাজি সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। আমি কথা দিচ্ছি, মহান আল্লাহ যদি আমাকে বিজয় দান করেন তবে এই সমাজ থেকে সকল প্রকার অনাচার, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূল করা হবে। বেকার যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, যুবকই দেশের শক্তি। আমাদের লক্ষ্য হলো বেকারদের কেবল চাকরির পেছনে ঘোরানো নয়, বরং তাদের সময়োপযোগী ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা এবং তাদের জন্য সম্মানজনক কাজের ব্যবস্থা করা। গণসংযোগকালে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।  এ সময় মহেশপুর বাজার এলাকা শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।

আপনার জেলার সংবাদ পড়তে