চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলায় কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় অভিযান চালিয়ে তিনজনকে এক বছরের কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলার ধনাগোদা নদীর তীরবর্তী বাইশপুর, উদ্দমদী, বালুচর, লক্ষীপুর ও লামচরী এলাকায় জেল ও জরিমানা প্রদান করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারা ভঙ্গের অপরাধে এবং একই আইনের ১৫ ধারা মতে দোষী সাব্যস্তক্রমে তাকে আজ থেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের জেল দেয়া হয়েছে। অভিযানে বাইশপুর এলাকায় কৃষি জমি থেকে মাটি কেটে ট্রলারে উঠানোর সময় তিন জনকে আটক করে উপজেলা ভুমি কার্যালয়ে নিয়ে আসেন। তারা হলেন, মতলব উত্তর উপজেলার সিপাহীকান্দি গ্রামে দেলোয়ার হোসেন (৩৮), মাইজকান্দি গ্রামের সাইদুল (৩১) ও একই এলাকার মোঃ সুজন (৩৭)। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারা ভঙ্গের অপরাধে উর্বর কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটা বা বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। আটককৃতরা সে আইন অমান্য করায় তাদেরকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। কৃষি জমি সুরক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।