হিজলায় জাটকা ও কারেন্টরজাল জব্দ, আটক ৭

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:২৪ পিএম
হিজলায় জাটকা ও কারেন্টরজাল জব্দ, আটক ৭

বরিশালের হিজলায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বিশেষ কম্বিং অপারেশনে ৫শ কেজি জাটকা জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত মেঘনা নদীতে এ বিশেষ অভিযান করা হয়। এসময় প্রায় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৭ জেলেকে আটক করে প্রশাসন। হিজলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানান।  হিজলা উপজেলা মৎস্য দপ্তর জানায়, উপজেলার মেঘনা নদীতে জাটকা নিধন প্রতিরোধে বিশেষ কম্বিং অপারেশনের আওতায় যৌথ অভিযান পরিচালনা করে আনুমানিক প্রায় ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় ২০ লাখ টাকা। বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ড. মো: হাদিউজ্জামান, মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. আনিসুজ্জামান,  মেহেন্দীগঞ্জ কমিশনার (ভূমি) মো. ফাহিম হাসান খান, হিজলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল, হিজলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানি, বরিশাল কোস্টগার্ডের পেটি অফিসার মীর ফারুক হোসেন, হিজলা কোস্টগার্ড পেটি অফিসার মো. মাইন উদ্দীন খান, হিজলা নৌ পুলিশ হিজলা ফাঁড়ি উপপরিদর্শক মো. হেলাল উদ্দীন যৌথ অভিযানে নেতৃত্ব দেন।  অভিযানে অবৈধ কারেন্ট জাল দিয়ে জাটকা শিকারের অভিযোগে ইউসুফ আলী (৪৫), আক্তার সিকদার (৪৫), মো. সুজন (২৫), মো. দুলাল (২৭), সুমন গাজী (৩৮), খোকন আকন (৪৮), শাহজাহান রাড়ী (৫০) নামের ৭জেলেকে আটক করা হয়। এদের মধ্যে ইউসুফ, আক্তার ও সুজনের নামে নিয়মিত মামলা করেছে নৌপুলিশ। বাকী ৪জনকে ভ্রাম্যমাণ আদালতে ১৩ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।  হিজলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, হিজলা উপজেলার মেঘনা নদীতে আটক ৭ জনের মধ্যে ৪ জনকে ১৩ হাজার টাকা জরিমানা ও ৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জব্দকরা প্রায় ৫০০ কেজি জাটকা উপজেলার ১০ টি এতিমখানা ও মাদরাসাসহ দুস্থ গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে