আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (সুজানগর-বেড়া উপজেলা) আসনে ৫জন সংসদ সদস্য পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিব, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সুজানগর উপজেলা জামায়াতে ইলামীর আমীর মোঃ হেসাব উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আফজাল হোসেন খান কাশেমী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ মেহেদী হাসান রুবেল ও গণফোরাম মনোনীত প্রার্থী সেখ নাসির উদ্দিন। তবে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রচার-প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিব এগিয়ে আছেন। নির্বাচনী এলাকার সাতবাড়ীয়া ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান রোকন বলেন নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার অনেক আগে থেকেই বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা হাবিব উঠান বৈঠক, গণসংযোগ এবং সভা-সমাবেশ করে নির্বাচনী মাঠে তার অবস্থান বেশ সুদৃঢ় করেছেন। পাশাপাশি দলীয় মনোনয়ন পাওয়ার পর তিনি গোটা নির্বাচনী এলাকায় গণসংযোগসহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে জনমনে জায়গা করে নিয়েছেন। সেই সাথে প্রতীক বরাদ্দের পর তিনি নির্বাচনী মাঠে আরো জোরে-শোরে প্রচার-প্রচারণায় নামেন। ফলে তার পক্ষে গোটা নির্বাচনী এলাকায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচনী এলাকার নাজিরগঞ্জ গ্রামের বাসিন্দা ডাঃ আব্দুস সালাম বলেন বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা হাবিব ২০০১সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নির্বাচনী এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট এবং ব্রিজ কালভার্টসহ জনগণের ভাগ্য উন্নয়নে ব্যাপক কাজ করেছেন। তাছাড়া সেলিম রেজা হাবিব একজন প্রকৃত সমাজসেবক। সেকারণে তিনি দলীয় মনোনয়ন পাওয়ায় নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ তার পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন। তিনি আরো বলেন বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা হাবিবের বাইরে অন্য ৪জন প্রার্থী এ আসনে একদমই নতুন মুখ। নির্বাচনী এলাকায় তাদের কোন পূর্ব পরিচিতি নেই বললেই চলে। এমনকি তাদের দলীয় অবস্থানও তেমন মজবুত নয়। সুতরাং আসন্ন নির্বাচনে এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা হাবিবের সাথে অন্য কোন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতাই হবেনা বলে আমি মনে করি।