ভূরুঙ্গামারীতে গরু চুরি ও মাদকসহ আটক ৩

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম | প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৩৫ পিএম
ভূরুঙ্গামারীতে গরু চুরি ও মাদকসহ আটক ৩
ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় আম্বারীপাড়া এলাকায় ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকা থেকে গরু চুরি ও মাদক পাচারের সময় তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর আওতাধীন শিংঝাড় বিজিবির কাছে হস্তান্তর করা হয়। সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৬টার দিকে ভারতীয় সীমান্তের কাটাতারের নিকটবর্তী এলাকায় ভারতীয় নাগরিকদের বাড়ি থেকে দুটি গরু চুরি করে বাংলাদেশে আনার সময় স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করে। খবর পেয়ে ১৫ বিজিবির অধীনস্থ ই কোম্পানির শিংঝাড় বিওপি থেকে হাবিলদার মো. নাছির উদ্দিনের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের নিজেদের হেফাজতে নেয়। পরবর্তীতে বিজিবি সদস্যরা আটক ব্যক্তিদের দেহ তল্লাশি চালিয়ে মো. হায়দার আলী (৩২)-এর হেফাজত থেকে সাদা-লাল কস্টেপে মোড়ানো ভারতীয় মাদকদ্রব্য গাঁজার একটি টোপলা উদ্ধার করেন। উদ্ধারকৃত গাঁজার ওজন কস্টেপসহ মোট ৫ কেজি ২০০ গ্রাম, যা জব্দ করা হয়।আটককৃতরা হলেন শিংঝাড় গ্রামের সোহরাব আলীর পুত্র মো. হায়দার আলী (৩২),মোসলেম উদ্দিনের পুত্র মোঃ সজিব মিয়া (২৫) ও আবু তালেবের পুত্র মোঃ শেখ ফরিদ (৪০) বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তিরা পরস্পর যোগসাজশে ভারতীয় মাদকদ্রব্য (গাঁজা) বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিলেন, যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত এজাহার দায়ের করা হয়েছে। এদিকে উদ্ধারকৃত ভারতীয় নাগরিকদের দুটি গরু বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত তিনজনকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে