জামায়াতের সমাবেশ স্থলে সাটানো হয়েছে ধানের শীষের ব্যানার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:১৪ পিএম
জামায়াতের সমাবেশ স্থলে সাটানো হয়েছে ধানের শীষের ব্যানার

বরিশাল-৪ আসনের মেহেন্দিগঞ্জ সরকারি পাতারহাট আরসি কলেজ মাঠে আগামী ৬ ফেব্রুয়ারি আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেদিন জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি ভাষন প্রদান করবেন। এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি নিয়েছে দলটির নেতাকর্মীরা। এদিকে সমাবেশের দুইদিন আগে হঠাৎ করে আরসি কলেজ মাঠ ও তার আশপাশ এলাকায় ছেয়ে গেছে ধানের শীষের ফেষ্টুন ও ব্যানারে। বরিশাল-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাজিব আহসানের ছবি ও প্রতীক সম্বলিত ব্যানার ও ফেষ্টুন লাগানো হয়েছে মাঠের চারিদিক এবং সমাবেশস্থলে আশেপাশের পথে। দেখলে মনে হয় সেখানে জামায়াতের নয় বিএনপির কোন সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিষয়টিকে গায়ে পড়ে সংঘর্ষ লাগতে আসা বলে মন্তব্য করছেন স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। তারা বলেন, এটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ। আমাদের নেতার আগমেন আমরা শুভেচ্ছা বিলবোর্ড দিতে পারি। সেখানে উল্টো প্রতিদ্বন্ধি ধানের শীষের প্রার্থীর সমর্থকরা তাদের ফেষ্টুন ও ব্যানার দিয়ে এমনভাবে ঢেকে ফেলেছেন যেন আমরা এখন কিছু সাটাতে গেলে তারা সেটা নিয়ে নোংরা রাজনীতি করতে পারে। বুধবার (৪ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর বরিশাল-৪ আসনের মিডিয়া বিভাগের আহবায়ক মুজাহিদুল ইসলাম ইউসুফ ক্ষোভ প্রকাশ করে বলেন, ন্যূণতম রাজনৈতিক শিষ্টাচার থাকলে এহেন কাজ কোন রাজনৈতিক দল করতে পারেনা। যেখানে একটি রাজনৈতিক দলের প্রধান আসবেন। সেই মাঠের আশপাশে অন্য প্রতিদ্বন্দ্বি রাজনৈতিক দলের ব্যানার-ফেস্টুন এভাবে টানানো কোন লেভেলের শিষ্টাচার? মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শহিদুল ইসলাম বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। তাদের উচিৎ ছিল আমাদের দলীয় প্রধানের আগমনের অনুষ্ঠানে সহযোগিতা করা। উল্টো তারা এখানে পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে ঝামেলা করতে চাচ্ছে। এ আচরণ অগণতান্ত্রিক। এমন দল যদি ক্ষমতায় আসে তাহলে তারা জনগণের সাথে কেমন আচরণ করবে এটি তার একটি নমুনা। এ ব্যাপারে বিএনপির প্রার্থীর একাধিক সমর্থকদের সাথে যোগাযোগ করা হলেও তারা কোন বক্তব্য দিতে রাজি হননি।

আপনার জেলার সংবাদ পড়তে