আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর- নাচোল- ভোলাহাট) আসনে জামায়াতে ইসলামী ও ১১ দল সমর্থিত জোটের প্রার্থী জেলা জামায়াতে নায়েবে আমির ড.মিজানুর রহমান তার নির্বচনী ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ ইশতেহার ঘোষণা করেন।ইশতেহারে তিনি স্বনির্ভর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনকে গড়ে তুলতে দারিদ্র্যতা দূরীকরণ, তরুন যুবক ও নারীদের কারিগরি শিক্ষার ব্যবস্থা,এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লা প্রতিকের নির্বাচন পরিচালনা প্রধান সমন্বয়ক অধ্যাপক ইয়াহিয়া খালেদ। জামায়াতে ইসলামীর উপজেলা আমির ইমামুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর আমির মনিরুজ্জামান ডাবলু, সাবেক গোমস্তাপুর উপজেলা আমির মাও. শাহ আলম, জামায়াত নেতা অ্যাডভোকেট মারিফুল ইসলাম, শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মহায়মিন, নাচোল উপজেলা আমির ইয়াকুব আলী, সাবেক নাচোল উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলামসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ইশতেহার ঘোষণাকালে ডক্টর মিজানুর রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার, সুশাসন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিচ্ছে। তিনি দাবি করেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে জনসমর্থন ও সহযোগিতা কামনা করেন।