মুন্সিগঞ্জের শ্রীনগরে হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৫৫ পিএম
মুন্সিগঞ্জের শ্রীনগরে হত্যা মামলার আসামি গ্রেফতার

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বালাশুর এলাকায় সম্পত্তির মালিকানা ও ভোগদখলকে কেন্দ্র করে সংঘটিত মারপিট, হত্যা এবং খুন-জখমের হুমকির ঘটনায় এজাহারনামীয় আসামি মিজান ফকির (৩৬)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। মঙ্গলবার ০৩ ফ্রেব্রুয়ারি ভোরে হান্নান-মানিক গ্রুপের কতিপয় লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বালাশুর চৌরাস্তা সংলগ্ন নির্মাণাধীন তমিজ উদ্দিন মার্কেটের জায়গা জোরপূর্বক দখলের উদ্দেশ্যে সেখানে ঘর উত্তোলন করে। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে ভিকটিম আলমগীর শেখ (৫০)’সহ তার সহযোগীরা সেখানে সকালে উপস্থিত হলে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাদের উপর অতর্কিত হামলা চালায়,এতে আলমগীর শেখ (৫০) ও একাধিক ব্যক্তি গুরুতরভাবে আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় জনগণের সহায়তায় চিকিৎসার জন্য শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে পুনরায় হাসপাতালের গেটের সামনে ভিকটিম আলমগীর শেখ (৫০)-এর উপর হামলা চালানো হয়। এই হামলার ফলে তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই ঘটনায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় একটি হত্যা মামলা রুজু হয়, যার মামলা নং- ০২, তারিখ- ০৩/০২/২০২৬ খ্রি., ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০২/৩০৭/৫০৬(২)/১১৪ পেনাল কোড, ১৮৬০ মোতাবেক একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামিদের সনাক্তকরণ ও গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই ধারাবাহিকতায় বুধবার ০৪ ফেব্রুয়ারি সকাল সারে এগারোটার দিকে র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল, আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন মধ্য কামারগাঁও মাঠপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এই হত্যা মামলার এজাহারনামীয় আসামি মিজান ফকির (৩৬), পিতা- আব্দুল হক ফকির, সাং- মধ্য কামারগাঁও, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে